ক্রিকেটে ইমরানের আরেক লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন ইমরান খান। গত মে মাসে দেশটির জাতীয় নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সমমনা দলগুলোকে নিয়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকারও গঠন করেছে ইমরান খানের দল। তবে ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে ইমরান খেলাধুলাকে যুক্ত করতে চাইছেন সরকার পরিচালনার নীতিতেও। প্রদেশটিতে ক্রিকেট বা খেলাধুলাকেই সন্ত্রাস নির্মূলের ‘হাতিয়ার’ বানাতে চাইছেন। সেখানে তাই একটা ক্রিকেট প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
গতকাল পিটিআইয়ের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সমন্বয়ক ইফতিখার এলাহি খবরটা নিশ্চিত করে বলেছেন, ‘সন্ত্রাস খেলাধুলার জন্য খুবই ধ্বংসাত্মক...আর এ কারণেই আমরা চাই ক্রীড়া কর্মকাণ্ড দিয়ে প্রদেশ থেকে সন্ত্রাসকে নির্মূল করতে।’ তালেবান হামলায় বিপর্যস্ত প্রদেশটিতে সরকার গঠন করলেও নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন ইমরান। প্রশ্ন উঠেছে, ইমরানের অনভিজ্ঞ দল বিদ্যমান সহিংসতা কতটা সামাল দিতে পারবে তা নিয়েও। এরই মধ্যে গত ২৬ জুলাই উপজাতি শহর পারাচিনারে আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে ৫৭। এএফপি।
গত সোমবার তালেবান যোদ্ধারা জেলখানা ভেঙে বের করে নিয়েছে ২৪০ জন কয়েদিকে, যাদের মধ্যে জঙ্গিরাও আছে। কঠিন এই সমস্যা সামলাতে ইমরানের দল কতটা সফল হয়, সেই প্রশ্ন থাকছেই। এলাহি আশাবাদী, খেলাধুলা সন্ত্রাসের মূলোৎপাটন করে প্রদেশটিতে শান্তি আনবে, ‘আমাদের দল খেলাধুলা ও যুবকদের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমাদের নেতা ইমরান খানকে সঙ্গে নিয়ে একটা কর্মসূচি চালু করা হয়েছে। আশা করছি, এটা প্রদেশটিতে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। কর্মসূচির লক্ষ্য প্রদেশ থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করা। খান যত বেশি সম্ভব সময় দেবেন এবং আমরা কয়েকজন নতুন কোচ (সাবেক খেলোয়াড়) নিয়োগ দেব, যাঁরা প্রতিভাবানদের খুঁজে এনে তাদের গড়ে তুলবেন।’
উল্লেখ্য, ইউনিস খান, শহীদ আফ্রিদি, উমর গুলদের মতো তারকা ক্রিকেটাররা উঠে এসেছেন উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশ থেকেই। কিন্তু জঙ্গি হামলার কারণে সেখানে এখন দিনাতিপাত করাই দায়।