ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধে আইন সংশোধনের সুপারিশ এমসিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্রিকেট থেকে সব ধরনের দুর্নীতি ধুয়ে-মুছে দূর করার জন্য খেলাটির আইনকানুনে পরিবর্তন আনার পক্ষে মত দিয়েছে। পার্থে তৃতীয় অ্যাশেজ টেস্ট শুরুর আগের দিন এমসিসির এক সভায় দুর্নীতি রোধে প্রয়োজনে সন্দেহভাজনদের লাই ডিটেক্টরের সামনে নিয়ে আসার পরামর্শ দিয়েছে। এ ছাড়া আরও কিছু পরামর্শ উঠে এসেছে ক্রিকেটের আইন প্রণয়নকারী এ সংস্থার বৈঠকে। সব মিলিয়ে পার্থে অনুষ্ঠিত এমসিসির এ সভায় ফুটে উঠেছে ক্রিকেটে দুর্নীতির বিস্তারের ব্যাপারে তাঁদের উদ্বেগ ও উত্কণ্ঠা।অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুই সাবেক অ্যাশেজ জয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ ও মাইক ব্রিয়ারলি যোগ দিয়েছিলেন এমসিসির কার্যকরী কমিটির এ সভায়। এ সভায় এমসিসির তরফ থেকে ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর যেসব সুপারিশ উঠে এসেছে সেগুলো হলো, দিল্লি হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ক্রিকেটের সবচেয়ে বড় বাজার ভারতে বেটিংকে বৈধতা দেওয়া, অভিযুক্ত ও সন্দেহভাজন খেলোয়াড়দের আজীবন ক্রিকেট থেকে বহিষ্কার করা, মিথ্যা নিরূপণী পরীক্ষার সামনে অভিযুক্ত খেলোয়াড়দের হাজির করা, ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশে খেলোয়াড়দের চুক্তিপত্রে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা সংযোজন করা, আইসিসির যে দুর্নীতিবিরোধী টাস্কফোর্স রয়েছে, তাতে সত্, প্রজ্ঞাবান ও গোয়েন্দা তত্পরতায় প্রশিক্ষিত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া ইত্যাদি।এ মুহূর্তে ক্রিকেটে ম্যাচ ফিক্সিং সবচেয়ে বড় সমস্যার ব্যাপার বলে মন্তব্য করেছেন ক্রিকেটে নিখাদ ভদ্রলোক একজন খেলোয়াড় হিসেবে পরিচিত স্টিভ ওয়াহ। ক্রিকেটারদের জবাবদিহির ব্যাপারে খেলোয়াড়দের মিথ্যা নিরূপণী পরীক্ষার সামনে হাজির হওয়া নিয়েও রয়েছে স্টিভ ওয়াহর ভিন্ন মত। তাঁর মতে, যদি খেলোয়াড়েরা সন্দেহ করার মতো কোনো কিছু না করে তাহলে কেন মিথ্যা নিরূপণী পরীক্ষার সামনে হাজির করানো হবে? খেলারটার প্রতি সত্ ও শতভাগ পেশাদারি হলেই তো সমস্যা মিটে যায়।এমসিসির এ বৈঠক শেষে ক্লাবটির কার্যকরী কমিটি এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ও এর দুর্নীতিবিরোধী টাস্কফোর্সকে ক্রিকেটের দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকরী ও গতিশীল হওয়ার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে তাঁরা আইসিসির দুর্নীতিবিরোধী টাস্কফোর্সের লোকবল ও টেকনিক্যাল ক্ষমতা আরও বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন।অভিযুক্ত ও সন্দেহভাজন খেলোয়াড়দের মিথ্যা নিরূপণী পরীক্ষার সামনে হাজির করার ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। তিনি বলেছেন, ‘এ মিথ্যা নিরূপণী পরীক্ষা কতটা কার্যকর, তা এ মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। এ ব্যাপারে কোনো মন্তব্য করাও আমার জন্য খুবই কঠিন। তবে আমি যেটা মনে করি, তা হলো ক্রিকেটে এমন কিছু ঘটা উচিত নয়, যা সন্দেহের উদ্রেক করে।’ ক্রিকইনফো।