ক্রিকেটে ফিরছেন যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত উন্নতি হচ্ছে যুবরাজ সিংয়ের। সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে ভারতের তারকা এই অলরাউন্ডারকে। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ভারতের ঘরোয়া ক্রিকেটে এ বছর অনুষ্ঠেয় মঈন-উদ-দৌলা গোল্ডকাপ ও বুচি বাবু ট্রফি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবছেন যুবরাজ। এর পরই প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলবেন তিনি।নাম প্রকাশ না করার শর্তে যুবরাজের এক বন্ধু পিটিআইকে বলেছেন, ‘যুবরাজের স্ক্যান রিপোর্ট অনুযায়ী তাঁর ক্যানসার চিকিত্সায় দ্রুত উন্নতি হচ্ছে। প্রথম দুই বছর প্রতি তিন মাস পরপর রক্ত পরীক্ষা ও স্ক্যান করাতে হবে তাঁকে। পরবর্তী তিন বছর প্রতি পাঁচ মাস অন্তর অন্তর পরীক্ষা করাতে হবে। যুবরাজের শরীর এখনো দুর্বল। তবে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে ওর দ্রুত উন্নতি হচ্ছে।’প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা প্রশ্নে যুবরাজের ওই বন্ধু বলেন, নির্দিষ্ট করে তারিখটা বলা কঠিন। তবে যুবরাজ অবশ্যই রঞ্জি ট্রফির আগে মঈন-উদ-দৌলা গোল্ডকাপ ও বুচি বাবু ট্রফির মতো প্রস্তুতিমূলক টুর্নামেন্টগুলোতে খেলবেন।শরীরের যে দ্রুত উন্নতি হচ্ছে, সেটা জানিয়েছেন যুবরাজ নিজেও। গতকাল সোমবার টুইটারে এক বার্তায় ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘আজ দিনটা শুভ। রক্ত ও স্ক্যান রিপোর্ট হাতে পেলাম! ভালো অবস্থায় আছি আমি! স্বাভাবিক জীবন যাপন করতে পেরে আমি খুব খুশি।’যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে গত মার্চ মাসের মাঝামাঝিতে কেমোথেরাপির তৃতীয় পর্যায় শেষ হয় যুবরাজের। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিত্সকের পরামর্শে বেশ কিছুদিন লন্ডনে ছিলেন তিনি। যুবরাজ দেশে ফেরেন গত ৯ এপ্রিল।যুবরাজের ফুসফুসে টিউমার ধরা পড়ে ২০১১ সালের অক্টোবরে। প্রথম দিকে বলা হচ্ছিল, সেই টিউমার ক্যানসার নয়। শেষ পর্যন্ত টিউমারকে ম্যালিগন্যান্ট, অর্থাত্ ক্যানসার হিসেবে চিহ্নিত করেন চিকিত্সকেরা।