ক্রিকেটে ফিরছেন স্টোকস, খেলবেন অ্যাশেজে

সামনের অ্যাশেজে খেলবেন বেন স্টোকসছবি : এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস। অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড দলে যুক্ত হয়েছেন এ ইংলিশ অলরাউন্ডার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টোকসকে দলে নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকস বলেছেন, তিনি ‘অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত’।

গত জুলাইয়ে ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন স্টোকস। এরপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন তিনি। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠা আর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে এ বিরতি নিয়েছিলেন স্টোকস। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও নেই তিনি। আগেই ঘোষিত অ্যাশেজের দলেও ছিলেন না। তখন ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড জানিয়েছিলেন, স্টোকসের ফেরার ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।

গত আইপিএলের প্রথম অংশে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন স্টোকস। এরপর এক দফা অস্ত্রোপচার হয়েছিল তাঁর। আরেক দফা অস্ত্রোপচার করার পর স্টোকস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাট ধরে ছবি দেওয়ার পর অনুশীলনেরও ভিডিও পোস্ট করেছিলেন।

ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন বেন স্টোকস
ছবি: টুইটার

স্টোকসকে দলে নেওয়ার ব্যাপারে ইসিবি জানিয়েছে, আঙুলে দ্বিতীয় অস্ত্রোপচারের পর স্টোকসের অনুশীলনে ফিরতে বাধা নেই। স্টোকসের ব্যক্তিগত পরামর্শক ও ইসিবির চিকিৎসা দল এ কথা বলেছে। আগামী ৪ নভেম্বর অস্ট্রেলিয়ায় রওনা দেবেন স্টোকস।
স্টোকস জানিয়েছেন, তিনি প্রস্তুত, ‘আঙুলের সেরে ওঠা ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বিরতি নিয়েছিলাম। এখন সতীর্থদের সঙ্গে মাঠে যোগ দিতে মুখিয়ে আছি। আমি অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুত।’

স্টোকসের দলে ফেরা স্বাভাবিকভাবেই কঠিন এক সফরে শক্তিমত্তা বাড়াবে ইংল্যান্ডের। ২০১০-১১ মৌসুমের পর থেকে কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিততে পারেনি তারা। সর্বশেষ দুই অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড জেতেনি কোনো টেস্টই। স্টোকস নিজে সর্বশেষ সফরটিতে ছিলেন না। সে সময় ব্রিস্টলের নৈশক্লাবের সামনে মারামারির ঘটনায় নিষিদ্ধ ছিলেন তিনি।

ইসিবির ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস বলেছেন, স্টোকস নিজেই দলে ফেরার ব্যাপারে আগ্রহ জানিয়েছেন, ‘একটা সফল অস্ত্রোপচার ও গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার আলোচনার পর বেন (স্টোকস) জানিয়েছে, সে অ্যাশেজ সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ব্যাপারে রোমাঞ্চিত। ইংল্যান্ডের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ, স্টোকস বারবারই সেটি দেখিয়েছে। তার ফেরাটা আমাদের জন্য দারুণ একটা খবর। বিশেষ করে ক্রিস (সিলভারউড), জো (রুট) এবং অন্য খেলোয়াড়দের জন্য।’

বিরতির পর স্টোকসের ক্রিকেটে ফেরার প্রস্তুতির ব্যাপারে তাঁরা সতর্ক থাকবেন বলেও উল্লেখ করেছেন জাইলস। আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় হওয়ার কথা আছে অ্যাশেজের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে ইংল্যান্ডের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবারের সদস্যদের জৈব সুরক্ষাবলয়ের কড়াকড়ির কারণে এ সফর ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ইংল্যান্ড। এখন স্টোকসকে ফিরে পেলেও অবশ্য দুই ফাস্ট বোলার জফরা আর্চার ও ওলি স্টোনকে পাবে না তারা। চোটের কারণে দুজনই ছিটকে গেছেন আগেই।

২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ড দল

জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ড ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।