ক্রিকেটে ফিরতে মরিয়া আসিফ
শুধু একজন কোচই পাওয়া যায়নি। নইলে কেন্টের কেন্টারবুরি জেলে কী নেই? আছে জিমনেসিয়াম, নিয়মিত খেলাধুলার সুযোগ। ছয় মাস এই জেলে কাটিয়েও তাই মোহাম্মদ আসিফ বলতে পারছেন, খেলার মতো যথেষ্ট ফিট আছেন তিনি!স্পট ফিক্সিংয়ের অপরাধে এক বছরের সাজা হয়েছিল পাকিস্তানি পেসার আসিফের। কিন্তু ভালো আচরণ করায় ছয় মাস সাজা ভোগ করেই ছাড়া পেয়েছেন গত ৩ মে। জেল থেকে ছাড়া পেলেও ক্রিকেটে এখনো পাঁচ বছরের বহিষ্কারাদেশ আছে মাথার ওপর। তবে আসিফ মরিয়া মাঠে ফিরতে। সেজন্য প্রয়োজনীয় ফিটনেসটাও নাকি আছে তাঁর। এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে আসিফ বলেছেন, ‘ছাড়া পেয়ে খুবই ভালো লাগছে। খুবই কঠিন ছিল এই ছয় মাস। তবে ওখানে ভালো জিমনেসিয়াম সুবিধা ছিল। আমরা নিয়মিত ফুটবল আর ব্যাডমিন্টন খেলতাম। আমি নিয়মিত জিমে গেছি এবং ফিটনেসটা ভালো রেখেছি। জেলের কর্মচারীরাও অনেক সাহায্য করেছে।’এমন একটা জেলজীবন কাটানোর পর আসিফ এখন জাতীয় দলে ফেরার স্বপ্নও দেখছেন। মাছ যেমন কখনো সাঁতার ভোলে না, ক্রিকেটটাও তাঁর কাছে সে রকম রক্তে, ‘মাছ কখনো সাঁতার ভোলে না। একজন বোলারও কখনো ভোলে না কীভাবে ভালো বল করতে হয়। জেলে থেকেও আমি আমার ফিটনেস ধরে রেখেছি এবং ভবিষ্যতেও যা যা করা দরকার সব করার চেষ্টা করে যাব। আমি আবারও খেলার মাঠে ফিরতে চাই। আশা করি, ভক্তরা শিগগিরই মাঠে দেখবে আমাকে।’আসিফের আগে তিন মাস সাজা ভোগ করে জেল থেকে ছাড়া পেয়েছেন পাকিস্তানের আরেক পেসার আমির। ছাড়া পেয়ে আমির দেশে ফিরে গেলেও এখনো ইংল্যান্ডে থাকা আসিফ তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করবেন আইনজীবীর সঙ্গে কথা বলে। এর মধ্যেই ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। আসিফের দাবি, সুস্পষ্ট প্রমাণ ছাড়াই শাস্তি দেওয়া হয়েছিল তাঁকে, ‘আদালত যখন ১২ মাসের জেল দিল, খুবই অবাক হয়েছিলাম আমি। অপরাধী প্রমাণিত হওয়ায় বিস্মিত হয়েছিলাম। কারণ বিচারে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।’তবে আমিরের মতো এখনই দেশে ফিরে গেলেও পাকিস্তানে আসিফকে একজন বহিষ্কৃত ক্রিকেটার হিসেবেই দেখা হবে। পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আসিফ-আমির দুজনকেই বহিষ্কার করেছে আইসিসি। বহিষ্কারাদেশের ধারা অনুযায়ী তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেটীয় সুবিধা ভোগ করতে পারবে না। বোর্ড তাদের কোনো ধরনের পরামর্শ বা সমর্থনও দেবে না।’আসিফ অবশ্য আইসিসির বহিষ্কারাদেশের বিরুদ্ধেও আপিল করার পরিকল্পনা করছেন। তিনি আশাবাদী, আইনজীবীরা এই বহিষ্কারাদেশও বাতিল করাতে সক্ষম হবেন। ওয়েবসাইট।