ক্রিকেটে বোল্টের সম্ভাবনা দেখছেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে ছয়টি সোনাজয়ী স্প্রিন্টার উসাইন বোল্টকে দেখা যেতে পারে ক্রিকেটে। বোল্ট ক্রিকেট মাঠে কতটা সফল হবেন, এ নিয়ে অবশ্য অনেকেরই সংশয় রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল আজ বুধবার জানিয়েছেন, বোল্টকে হালকাভাবে দেখাটা ঠিক হবে না।টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কায় অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানে সাংবাদিকদের গেইল বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে বোল্টের বিব্রতবোধ করার কোনো কারণ নেই। একটা প্রীতি ম্যাচে আমি ওর বিপক্ষে খেলেছি। ওর একটা বাউন্সার প্রায় আমার মাথায় লেগেছিল।’বোল্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়, জানিয়ে গেইল বলেন, ‘ওকে হালকাভাবে দেখা ঠিক হবে না। বোল্টের ক্রিকেটে আসার মধ্যে ভুল কিছু দেখছি না আমি।’গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ‘বিগ ব্যাশ’ লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেন বোল্ট। সবকিছু ঠিক থাকলে এ বছরই নাকি মেলবোর্ন স্টার্স ক্লাবের হয়ে দেখা যেতে পারে এই গতিমানবকে। কয়েক মাস আগে বোল্টের সাক্ষাত্কার নিয়েছিলেন স্টার্সের প্রেসিডেন্ট এবং টিভি উপস্থাপক অ্যাডি ম্যাকগুইরে। এরপরই বোল্টের বিগ ব্যাশে খেলার বিষয়টা আলোচনায় চলে আসে। ক্লাবটির তারকা খেলোয়াড় শেন ওয়ার্নও এ নিয়ে বোল্টের সঙ্গে কথা বলেছিলেন।অনুশীলনসঙ্গী ইয়োহান ব্লেকের সঙ্গে নাকি ক্রিকেট নিয়ে খুব প্রতিদ্বন্দ্বিতা হয় বোল্টের। বেইজিং অলিম্পিকের পর লন্ডনেও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সোনা জয়ের পর সংবাদ সম্মেলনে বোল্টের কাছে জানতে চাওয়া হয়েছিল, আইপিএলে সুযোগ পেলে তিনি খেলবেন কি না। জবাবে ২৫ বছর বয়সী বোল্ট বলেন, ‘আমি ক্রিকেট পছন্দ করি। ইয়োহানের মতো অতটা হয়তো নয়, তবে ক্রিকেট আমারও খুব পছন্দের খেলা। আইপিএলও আমি দেখেছি। আইপিএলে খেলার কথা বলছেন? কেন নয়, আমি প্রস্তুত। আরে, আইপিএলের বড় যে তারকা ক্রিস গেইল, ওকে আমি আউট করেছি না!’এ পর্যায়ে বাংলাদেশের এক সাংবাদিক মনে করিয়ে দেন, গেইলকে বোল্ট ছক্কাও মেরেছেন। শুনে বোল্ট বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, ওকে ছক্কাও মেরেছি।’ রয়টার্স।