ক্রিকেটে ভাগ্যের ছোঁয়া থাকেই: কুশল

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেলেন কুশল সিলভা। তিনটি জীবন পেয়েও এই সেঞ্চুরি তাঁকে দারুণ আনন্দই দিচ্ছে। জোর গলাতেই বললেন, ক্রিকেটে এমন ঘটনা ঘটেই। হঠাত্ পাওয়া ভাগ্যের ছোঁয়াকে পুঁজি করেই এগোতে হয়।
কুশলের আজকের ইনিংসটি এমনই। তিনবার সাজঘরে ফেরার উপক্রম হলেও, দিন শেষে তিনি সেঞ্চুরিয়ান, এখনো পর্যন্ত শ্রীলঙ্কার প্রথম ইনিংসের মূল চরিত্র। প্রথমে মুশফিকুর রহিম ফেললেন তাঁর ক্যাচ, এরপর গালিতে শামসুর রহমান। সবই সই, কিন্তু ক্যাচ আউট হয়েও আম্পায়ার নাইজেল লং যখন তাঁকে দাঁড়াতে বললেন, তখন তিনি কিছুটা অবাকই হয়েছিলেন। সৌভাগ্য যখন পায়ে এসে লুটিয়ে পড়ছে, তখন তিনি সেটার সদব্যবহার করবেনই বা না কেন? তিনি তা করলেনও। সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন পরিসংখ্যান বইয়ে। আর তাঁর সেঞ্চুরি পোড়াল গোটা বাংলাদেশকে।
সেঞ্চুরি যখন পেলেন, উইকেটের অপরপ্রান্তে দাঁড়িয়ে কুমার সাঙ্গাকারা। যে সাঙ্গাকারাকে তিনি আদর্শও মানেন, ‘সাঙ্গাকারার সঙ্গে আমি অনেক দিন ধরেই খেলছি। সে আমাকে অনেক সাহায্য করে। খারাপ ফর্মে থাকলে আমি তাঁর কাছে যাই, পরামর্শ নিই। দারুণ লাগছিল, যখন সেঞ্চুরির সময় অপরপ্রান্তে সাঙ্গাকারাকে সঙ্গী হিসেবে পেলাম।’
তিনি প্রায় সারা দিনই ব্যাট করেছেন। দল কালও সারা দিন ব্যাট করুক, কুশলের প্রত্যাশা এটাই। উইকেট একটু ধীর হয়ে যাচ্ছে বলেই অভিমত কুশলের, ‘উইকেট স্লো হয়ে যাচ্ছে। কাল এই উইকেটেই বল ব্যাটে আসছিল। আমার মনে হয়, যত সময় গড়াবে, এই উইকেটে স্পিনাররা সুবিধা পাবে।’
আতাপাত্তুদের উত্তরসূরি। তাঁর ব্যাট করার ধরনটাও অনেকটাই সাবেক শ্রীলঙ্কার অধিনায়কের মতো। আতাপাত্তুর প্রসঙ্গ উঠতেই উচ্ছ্বসিত কুশল, ‘মারভান আমাকে অনেক সাহায্য করেন। তিনি পরামর্শ দেন চাপের সময় কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, কীভাবে টেস্টে নিজের ইনিংস গড়ে তুলতে হয়।’