ক্রিকেটে ম্যাচ পাতানো নিয়ে আরেক বোমা
‘তিলকারত্নে বোমা’র পর এবার আলোচনার ঝড় তুলেছে ভারতের স্পোর্টস ইলাস্ট্রেটেড। ভারতীয় ক্রিকেটে অবৈধ বাজিকরদের নেটওয়ার্ক নিয়ে মে মাসের সংখ্যায় একটি প্রতিবেদন ছেপেছে ক্রীড়া সাময়িকীটি। দাবি করা হয়েছে, ভারতের কয়েকজন ক্রিকেটারের ম্যাচ পাতানোয় জড়িত থাকার কথা বলেছেন বাজিকরেরা। তাঁদের নাম প্রকাশ না করলেও বিসিসিআই ও আইসিসিকে তা জানাবে বলে ঘোষণা দিয়েছে সাময়িকীটি।সাময়িকীটি বাজিকরদের সঙ্গে তাদের প্রতিবেদকদের কথোপকথন ও পুলিশি তদন্তের ৪০০ মিনিটের অডিও টেপ আছে বলে দাবি করেছে। এর মধ্যে এক বাজিকরের কথাও না কি রেকর্ড করা আছে, যিনি দাবি করেছেন, ম্যাচ পাতানোর ব্যাপারে এক আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে তাঁর কথোপকথনের টেপ আছে। আইসিসির এক কর্মকর্তা ইএসপিএন-ক্রিকইনফোকে বলেছেন, প্রথা অনুযায়ী যে কেউ কোনো অন্যায়ের ব্যাপারে প্রমাণ দিতে পারলে আইসিসি তা খতিয়ে দেখবে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএলের দ্বিতীয় আসর ছাড়াও গত বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল নিয়েও প্রশ্ন আছে স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর প্রতিবেদনে। বিসিসিআই এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। আর ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের প্রতিক্রিয়া, ‘এসব ফালতু ব্যাপারে কথা বলার সময় আমাদের নেই।’ ওয়েবসাইট।