ক্রিকেটে শুভসূচনা বাংলাদেশের
রাজশাহীর দর্শকদের সৌভাগ্যবানই বলতে হবে। এসএ গেমসে ক্রিকেট হচ্ছে এই প্রথম এবং প্রথমবারের প্রথম ম্যাচটারই দর্শক তারা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের গতকালের টি-টোয়েন্টি ম্যাচ আরও একভাবে সৌভাগ্যবান করে দিল মাঠে আসা দর্শকদের। প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়ে গেমস ক্রিকেটে শুভসূচনাই করেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। গ্যালারিতে দর্শকদের উত্সবমুখর উপস্থিতি চূড়ান্ত সার্থকতা পেল তাতে।টসে জিতে আগে ব্যাট করতে নামা নেপাল অনূর্ধ্ব-২১ দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছিল মাত্র ৮০ রান। সর্বোচ্চ ১৮ রান বিনোদ ভান্ডারির। বাংলাদেশের সানজামুল ইসলাম ২২ রানে নিয়েছেন ৩ উইকেট। নেপালের এই রান ৯.৩ ওভারে ২ উইকেট হারিয়েই টপকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১। ওপেনার মোহাম্মদ মিঠুন ৪১, আসিফ আহমেদ অপরাজিত ২৬, নাসির উদ্দিন অপরাজিত ৯ ও রনি তালুকদার ৫ রান করেছেন।ম্যাচ শেষে নেপালের অধিনায়ক গ্যারেন্দ্র মল্লো পরাজয়ের কারণ বলেছেন ব্যাটিং-ব্যর্থতাকে। সঙ্গে বলেছেন, ‘বাংলাদেশ অনেক বেশি ম্যাচ খেলে। হোম ভেন্যুর সুবিধাও পেয়েছে।’ বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ মিঠুন জয়ের কৃতিত্ব দিয়েছেন ভালো বোলিং আর ফিল্ডিংকে। কোচ সারওয়ার ইমরান তো প্রথম ম্যাচে জয়ের পর এখন সোনার দিকেই তাকিয়ে, ‘দল আত্মবিশ্বাসী, সবাই ভালো খেলেছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে আমাদের লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে না।’আজ একই মাঠে নেপাল মুখোমুখি হবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২১ দলের।