ক্রিকেটে সাহারা-চমক
কদিন আগে সুব্রত রায়ের বাংলাদেশ সফরের সময় থেকেই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সাহারা পরিবারের সম্পৃক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতীয় এই প্রতিষ্ঠান গুঞ্জনটা সত্যি প্রমাণ করল চমক দিয়েই। বাংলাদেশের ক্রিকেটের দাম যে এখন ঊর্ধ্বমুখী, সেটা প্রমাণ করে আগামী চার বছরের জন্য জাতীয় দলের স্পনসর হতে সর্বোচ্চ ৯৪ লাখ মার্কিন ডলার দাম হেঁকেছে তারা।দরপত্রে অংশ নেওয়া অন্য দুই প্রতিষ্ঠানই বাংলাদেশের দুটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানি। রবির প্রস্তাব ৪১ লাখ ১৫ হাজার ডলার ও গ্রামীণফোন ৩২ লাখ ২৮ হাজার ডলার। এদের মধ্যে গ্রামীণফোন ছিল জাতীয় দলের সর্বশেষ স্পনসর। ৯ কোটি টাকায় দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর একই শর্তে আরও এক বছর বাড়ানো হয়েছিল তাদের চুক্তি।দরপত্র খোলা হলেও কালই সাহারাকে টিম স্পনসর ঘোষণা করা হয়নি। প্রস্তাবিত দরপত্রের সবদিক বিবেচনা করে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বাংলাদেশের ক্রিকেটের প্রতি সাহারা পরিবারের আগ্রহকে স্বাগত জানিয়েছেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল, ‘সাহারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নাম। তাদের সঙ্গে পেলে বাংলাদেশের ক্রিকেটকে আমরা নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। তাদের আগ্রহ টেলিভিশন স্বত্ব বিক্রিতেও আমাদের সাহায্য করবে।’শুধু টিম স্পনসরশিপই নয়, বিসিবি এবার ১২টি খাতের স্পনসরশিপই বিক্রি করবে চার বছরের জন্য। খাতগুলো হলো জাতীয় দল, একাডেমি, পোশাক, পানীয়, হসপিটালিটি, ইনস্টেডিয়া, হোম সিরিজের টাইটেল, সাইটস্ক্রিন, স্কোরবোর্ড, হুবার কাভার, প্যাভিলিয়ন ও টিকেটিং স্পনসর। সবগুলো স্পনসরশিপেরই দরপত্র খোলার দিন ছিল কাল।টেলিভিশন স্বত্ব ছাড়া এই ১২ খাত থেকে আগামী চার বছরে কমপক্ষে ১১০ কোটি টাকা আয়ের লক্ষ্য বিসিবির। ‘বিসিবির এফডিআর এর মধ্যেই ১৫০ কোটি টাকা হয়ে গেছে। নিমবাসের টাকা পেলে এটা ৩০০ কোটি টাকা হতো। আমাদের লক্ষ্য ডিসেম্বরের মধ্যে ৫০০ কোটি টাকার এফডিআর করা’—বলেছেন সভাপতি।টিম স্পনসরশিপের বাইরে বছরে ১ লাখ ৩০ হাজার ডলার করে দিয়ে চার বছরের জন্য একাডেমির স্পনসর হওয়ারও আগ্রহ দেখিয়েছে সাহারা পরিবার। একাডেমির স্পনসর হওয়ার দরপত্রে অংশ নেওয়া একমাত্র প্রতিষ্ঠান তারাই।