মাঠের মাঝখানে বিজয়স্তম্ভ। একটু দূরে আফগানিস্তান আর পাকিস্তানের পতাকার মাঝখানে বাংলাদেশের লাল-সবুজ। সেটি ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করতেই বেজে উঠল ‘আমার সোনার বাংলা...’।এশিয়ান গেমসে এই প্রথম বাজল বাংলাদেশের জাতীয় সংগীত। সঙ্গে গাইলেন বিজয়ী খেলোয়াড়েরাও। মানে ক্রিকেটাররা। ক্রিকেটই আবার আনন্দের একটা উপলক্ষ এনে দিল বাংলাদেশকে। ফাইনালে হেরে মেয়েরা পারেনি, ছেলেরা সেই দুঃখ ভুলিয়ে দিল।ফাইনালটাও হলো রুদ্ধশ্বাস উত্তেজনার। টসজয়ী আফগানিস্তান করেছিল ৮ উইকেটে ১১৮। টি-টোয়েন্টিতে বড় রান নয়, কিন্তু ব্যাটিং-দুরূহ উইকেটে সেটিই অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল।বাংলাদেশের ভাগ্য ভালো, সাব্বির রহমান নামের এক সাহসী তরুণ উইকেটে ছিলেন। ১৮ বলে তাঁর অপরাজিত ৩৩ রানের ইনিংসটিই বদলে দিয়েছে ম্যাচের রং। ৩০ বলে ৪২, ২৪ বলে ৩৬, ১২ বলে ১৯...আস্তে আস্তে কঠিন হয়ে দাঁড়িয়েছিল সমীকরণটা। ১৯তম ওভারটি এল স্বপ্নপূরণের সিঁড়ি হয়ে। অফ স্পিনার করিম সাদিকের দ্বিতীয় ও তৃতীয় বলে লং অনের ওপর দিয়ে বিশাল দুই ছক্কা মারলেন সাব্বির। সোনা জয় নিশ্চিত হয়ে গেল এতেই।১৯৭৮ সাল থেকে এশিয়াডে অংশ নিয়ে এত দিন বাংলাদেশের অর্জন ছিল কাবাডির তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ এবং ১৯৮৬ সালে বক্সার মোশাররফ হোসেনের পাওয়া ব্রোঞ্জ। এশিয়াডে ক্রিকেট এবারই প্রথম এবং তাতেই বাংলাদেশের একটি সোনা ও একটি রুপা।শেষটা সাব্বিরের নৈপুণ্যে ভাস্বর, তবে নাঈম ইসলামেরও বড় অবদান এই জয়ে। তিন নম্বরে নেমে অপরাজিত ৩৪ রান, বাংলাদেশের ইনিংসটা ধরে রেখেছেন তিনিই।নাঈম ও সাব্বির ছাড়া বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের রান করতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। আফগান পেসারদের বিপক্ষে স্বচ্ছন্দ মনে হয়নি কাউকেই। প্রথম ওভারে উঠেছে ৩ রান, দ্বিতীয় ওভারে ৭। তৃতীয় ওভারেই নাজিমউদ্দিন আকাশে ক্যাচ তুলে আউট।নাঈম নেমে শুরু করলেন চার দিয়ে। পরের ৫ বলে আর রান নেই। একটা সময় সিঙ্গেলও নিতে পারছিলেন না। ৫ ওভারে রান ১ উইকেটে ২৫। এই সময়ে আফগানদের রান ছিল ২ উইকেটে ২৪।সপ্তম ওভারে বাংলাদেশ রান করল মাত্র ১। অষ্টম ওভারে আফগানরা আক্রমণে স্পিন আনল, অধিনায়ক নবীকে ছক্কা মেরে স্বাগত জানালেন উইকেটকিপার ও উদ্বোধনী ব্যাটসম্যান মিঠুন। অষ্টম ওভারে ১২ রান এল, তবে আউট হয়ে গেলেন মিঠুন (২২ বলে ২২; দুই চার, এক ছয়)।নবম ওভারে আশরাফুল যখন উইকেটে, বাংলাদেশ ২ উইকেটে ৪৫। দশম ওভারের প্রথম বলেই আশরাফুলের চার। কিন্তু সেই আশরাফুলই স্টাম্পের বল থার্ডম্যানে গ্লাইড করতে গিয়ে বোল্ড হয়ে অনিশ্চয়তায় ডুবিয়ে দিয়ে গেলেন দলকে।দুই দলের রানের তুলনামূলক গতিটা ছিল প্রায় একই রকম। ১২তম ওভারে রান মাত্র ১। আফগানিস্তানের পতাকা দিয়ে বানানো ফেটি মাথায় বল করলেন হামিদ হাসান। আফগানদের সেরা পেসার। পরের ওভারে আশরাফুল আউট হওয়ার সময় স্কোর ৩ উইকেটে ৬৫। আস্কিং রেট ক্রমশ বাড়তে লাগল।শুভাগত এসে ৫ বলে ১ রান করে মিড উইকেটে ক্যাচ দিলেন। ফয়সালও মাত্র ৩ রান করেই বোল্ড হয়ে গেলেন। ১৫ ওভার শেষে বাংলাদেশ ৭৫/৫, আফগানিস্তান একই সময়ে ছিল ৭৬/৬। শেষ ৫ ওভারে চাই ৪৪ রান। ১৬তম ওভারে এল ৭ রান, শেষ ৪ ওভারে প্রয়োজন ৩৭ রান। ম্যাচটা তখন আফগানিস্তানের দিকেই ঝুঁকে পড়েছে কিছুটা। ১৭তম ওভারে সাব্বির একটা চার ও একটা ছয় মেরে শেষ ৩ ওভারে ২৬ রানে নামিয়ে আনলেন সমীকরণটা। ১৮তম ওভারে হামিদের বলে ৭ রান।এরপর তো ইতিহাস। এই সংগ্রামমুখর সময়টা বাংলাদেশ শিবিরকে পরাজয়ের শঙ্কায়ই ফেলে দিয়েছিল। শেষ কয়েক ওভারে বেশি রান দিয়ে দেওয়ার কথা ভেবে শুরু হয়ে গিয়েছিল আফসোসও।১৭তম ওভারে নাজমুল ১৬ রান দিয়েছেন, শেষ ওভারে শাহাদাতও তা-ই। এই দুই ওভারেই ম্যাচটা হাতছাড়া হতে চলেছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত সাব্বিরই বাঁচালেন দুটি ঐতিহাসিক ছক্কা মেরে।ইতিহাস গড়ার ম্যাচের এমন নাটকীয়তা না থাকলে কি আনন্দটা বাঁধভাঙা হয়!অভিনন্দনক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে প্রথমবারের মতো সোনা জিতেছে বাংলাদেশ। অসাধারণ এই কীর্তি গড়ায় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।