ক্রিকেটে সোনালি উৎসব
মোহাম্মদ মিঠুনকে একাই পাওয়া যাচ্ছিল না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উৎসবের জোয়ার টেনে নিয়ে যাচ্ছিল তাঁকে সতীর্থদের আনন্দস্রোতে। উত্সব কানায় কানায় ভরে ওঠা গ্যালারিতে। উত্সব ড্রেসিংরুমের সামনের বিসিবি কর্মকর্তাদের সমারোহে। উত্সবের সঙ্গে জাতীয় পতাকা উড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল দিল ল্যাপ অব অনারও। এসএ গেমস ক্রিকেটে এবারই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে প্রথমবারেই সোনা জিতে ইতিহাসের অংশ হয়ে গেল বাংলাদেশ। নিজেদের মাটিতে এমন জয়ে উৎসব তো হবেই!অধিনায়ক মোহাম্মদ মিঠুন উৎসবের স্রোত ঠেলে মিনিট দুয়েকের জন্য বেরিয়ে এসে প্রথম কথাটাই বললেন, ‘এই উৎসব শেষ হবে না...। দেশের মাটিতে এসএ গেমস ক্রিকেটের সোনা জেতার স্বপ্ন পূরণ হয়েছে আমাদের।’ বাংলাদেশ জয়টা যেভাবে পেয়েছে, মিঠুনদের উৎসব বাড়িয়ে দিয়েছে সেটাই। বাংলাদেশের ৭ উইকেটে করা ১৫৭ রানের জবাবে জেতার জন্য শেষ ২ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২১ দলের প্রয়োজন ছিল ২০ রান, হাতে ছিল ২ উইকেট। শুভাশিস রায়ের ১৯তম ওভারে এল ৬ রান, পড়ল ১ উইকেট। লেগ স্পিনার সাব্বির রহমানের করা শেষ ওভারের প্রথম চার বলে ৭ রান নিলেও পঞ্চম বলে ওয়াইডিশ লং অনে ক্যাচ তুলে দিলেন শেষ ব্যাটসম্যান নাভিন কাভিকারা। লং-অন থেকে দৌড়ে গিয়ে নাসির ক্যাচটা নিলেন দুর্দান্ত ডাইভে, উৎসবে ভেসে যাওয়ার জন্য ওই ক্যাচটাই যথেষ্ট ছিল। তার ওপর এই ক্যাচেই এসেছে সোনায় মোড়ানো জয়! উৎসব বাঁধভাঙা হবে না কেন? ম্যাচের ১ বল বাকি থাকতেই বিজয়োল্লাসে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম।মিঠুনের চোখে ক্রিকেটের সোনা বাংলাদেশের প্রাপ্যই ছিল, ‘শ্রীলঙ্কার কাছে আগের ম্যাচটা হারলেও টুর্নামেন্টে আমরাই ছিলাম সেরা দল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম সোনা জিতব।’ কোচ সারওয়ার ইমরানেরও একই কথা, ‘আমি ওদের বলেছি শুধু মালদ্বীপ, নেপালের দিকে তাকালে হবে না। এখানে শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দলও আছে। আমাদের প্রমাণ করতে হবে এই পর্যায়ে আমরা তাদের চেয়ে ভালো খেলি। ছেলেরা সেটা করে দেখিয়েছে।’ বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান (২১ বলে ৩৭) অধিনায়ক মিঠুনেরই। আর সবচেয়ে বেশি উইকেট (৪) সাব্বিরের। যদিও অধিনায়ক-কোচ কেউই সোনা জয়ের সাফল্যকে কারও একার করে দিতে চান না। তাঁদের চোখে এটা টিম স্পিরিটের ফসল।সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব-২১: ২০ ওভারে ১৫৭/৭ (আনামুল ৪৩, রনি ১২, মিঠুন ৩৭, সাব্বির ২০, নাসির ১৪, জুবায়ের ১১, আরিফ ১৪*, আসিফ ০, সানজামুল ০*; তিশারা ২/৩৫, পাথিরানা ২/২১)। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২১: ১৯.৫ ওভারে ১৫১ (লাহিরু ৩৯; সাব্বির ৪/৩১, নাসির ২/৩০, শুভাশিস ১/২৪, আসিফ ১/২১)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল ৬ রানে জয়ী।পাকিস্তানের ব্রোঞ্জএকই মাঠে কাল দুপুরের স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩ বল বাকি থাকতে ২ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-২১। প্রদীপ আরিফের ৪৫ বলে অপরাজিত ৫২ রানের সৌজন্যে ৬ উইকেটে ১৪৭ রান করেছিল নেপাল অনূর্ধ্ব-২১ দল। জবাবে পাকিস্তান ৫৭ রানে ৫ উইকেট হারালেও দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান রমিজ আলম (২৮ বলে ৩৩*) ও শোয়েব খালিক (২০ বলে ৩০) বিপর্যয় কাটিয়ে জিতিয়ে দেন দলকে।