ক্রিকেটে হারের ক্ষোভ, গেমস পল্লিতে ভাঙচুর অস্ট্রেলিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে হারের ক্ষোভে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা ভাঙচুর করেছেন এমন খবর আসলেই চোখ কপালে ওঠার মতো। আর সে অভিযোগ যদি এমন একটি দলের বিরুদ্ধে হয়, যারা প্রতিযোগিতার পদক তালিকায় শীর্ষে।দিল্লি পুলিশের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হারের ক্ষোভে কমনওয়েলথ গেমস পল্লিতে নাকি ভাঙচুর চালিয়েছেন প্রতিযোগিতায় সর্বোচ্চ ৭৪টি সোনা ও সব মিলিয়ে ১৭৭টি পদক জয়ী অস্ট্রেলিয়ার অ্যাথলেটরা। তবে নিজেদের জয়-পরাজয়ের জন্য নয়—ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরু টেস্টে অসিদের হারের কারণে। ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার বিষয়টি কোনোভাবে মানতে পারেননি তাঁরা। তাই না কি এমন কাণ্ড! তবে গেমস কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু অবহিত নয় বলে দাবি করেছে।সূত্র জানায়, টেস্টে হারের প্রতিক্রিয়ায় গত বুধ ও বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন অ্যাথলেটরা। বৈদ্যুতিক পাখা, লাইট ভাঙচুর করেন। ভবনের নবম তলা থেকে কাপড় ধোয়ার মেশিন নিচে ফেলে দেন তাঁরা।ভাঙচুরের শুরুটা না কি হয়েছিল আরও এক দিন আগে। মঙ্গলবার ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার হারের পথটা রচনা করে দিয়েছিলেন শচীন টেন্ডুলকার, এ কারণে ভারতের এই লিটল মাস্টারের বিরুদ্ধে স্লোগান দেন অ্যাথলেটরা। তারপর বৈদ্যুতিক সামগ্রী ভাঙচুর করেন তাঁরা।দিল্লি পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘গেমসে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তারা অস্ট্রেলিয়ার অ্যাথলেটদের ভাঙচুরের বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু গেমস কর্তৃপক্ষ আমাদেরকে কিছু জানায়নি। কূটনৈতিক কারণে এখনো মামলা দায়ের করা হয়নি।’পুলিশের একজন মুখমাত্র বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাইনি। অ্যাথলেটরা যেখানে থাকতেন সেখানকার ঠিক নিচে একটি ভাঙা কাপড় ধোয়ার মেশিন পাওয়া গেছে। এটা কীভাবে এখানে এসেছে তা বের করার চেষ্টা করছি আমরা।’গেমসের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা কোনো অভিযোগ পাইনি। অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি বের করার চেষ্টা করব আমরা।’