ক্রিকেটে 'অতীত' হয়ে গেলেন আশরাফুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটে অতীত হয়ে গেলেন আট বছর নিষিদ্ধ আশরাফুল! ফাইল ছবি
ক্রিকেটে অতীত হয়ে গেলেন আট বছর নিষিদ্ধ আশরাফুল! ফাইল ছবি

ইতিহাস সৃষ্টি করে ক্রিকেটে পা রেখেছিলেন টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ে। উজ্জ্বল আলোয় অভিষিক্ত মোহাম্মদ আশরাফুলের শেষটা হলো ঠিক বিপরীত। কলঙ্কিত-আঁধারে।

বিপিএলের গত আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ত্রিশের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা আশরাফুলের ঘরোয়া ক্রিকেটেও আর ফিরে আসার সম্ভাবনা নেই।

এক বছর ধরে সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন। আশরাফুলের শাস্তির মেয়াদে এই এক বছরও ধরা হবে। ফলে আরও সাত বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। ফলে শাস্তির মেয়াদ শেষ হওয়ার সময় বয়স হয়ে যাবে ৩৭ বছর।


আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির বিশেষ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। আশরাফুলের বিরুদ্ধে আনা চারটি অভিযোগই প্রমাণিত হয়েছে। রায়ে নিষেধাজ্ঞার পাশাপাশি আশরাফুলকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।


গত বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার সময় চারটি ম্যাচ পাতানোর কারসাজিতে অংশ নিয়েছিলেন আশরাফুল। ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক শিহাব চৌধুরীকে ক্রিকেটের যেকোনো কার্যক্রম থেকে ১০ বছর নিষিদ্ধ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিন বছর নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট। লঘু অপরাধের কারণে ১৮ মাস নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কার কৌশল লুকারাচ্চিকে।

দণ্ড পাওয়া ব্যক্তিরা এই রায়ের বিরুদ্ধে ২১ দিনের মধ্যে বিসিবির শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করতে পারবেন।