ক্রিকেটের কাছে ঋণী দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড়

খ্যাতি, যশ, সম্মান, অর্থবিত্ত—ক্রিকেট মাঠ থেকে কত কিছুই না অর্জন করেন খেলোয়াড়েরা। ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের অর্জনটা অবশ্য আরও বেশি। ক্রিকেট তাঁকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলেছে বলেও উপলব্ধি তাঁর। নিজের ক্রিকেট-জীবনের প্রতি তাই পাহাড়সমান ঋণ তাঁর।

ছিয়ানব্বই সালে টেস্ট অভিষেক দ্রাবিড়ের। অভিষেক টেস্টে পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন। কিন্তু পেছনে ফিরে তাকাননি কখনোই। ২০১২ সালে ক্রিকেটকে বিদায় বলার আগে খেলেছেন ১৬৪টি টেস্ট, ৩৪৪টি ওয়ানডে। দুই ধরনের ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে ১০ হাজারের ওপর রান করে পরিণত হয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিতে। নিজের ব্যাটিংয়ে স্থিতধী চরিত্রের কারণে পেয়েছেন ‘মি. ওয়াল’ উপাধি। ভালো মানুষ, ভদ্র মানুষ হিসেবেও পরিচিত হয়েছেন ক্রিকেটাঙ্গনে। কালিমাহীন ক্রিকেটজীবনের জন্য তাই অবসরের পর উদাহরণে পরিণত হওয়াটাও তাঁর জীবনের কম বড় অর্জন নয়।

সম্প্রতি এক সমাবর্তন বক্তৃতায় তাঁর ক্রিকেটজীবন নিয়ে নিজের উপলব্ধিটা ছড়িয়ে দিয়েছেন সবার মধ্যে, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের দেড় বছর পর আমি উপলব্ধি করেছি যে, ক্রিকেট আমাকে ভালো একজন মানুষ বানিয়েছে। আমি  সাফল্য ও ব্যর্থতা থেকে অনেক কিছু শিখেছি।’

নিজে সফল। তাই সফল হওয়ার পদ্ধতিটাও তাঁর জানা। সমাবর্তন বক্তৃতায় তাই নিজের অভিজ্ঞতা বিনিময়ও করেছেন এ ব্যাপারে, ‘জীবনে সফল হওয়ার হাজারটা পথ খোলা থাকে। সব সময়ই বিশ্বের সেরা হতে হবে, এমনটাও মনে করার কোনো কারণ নেই। নিজের কাছে সেরা হওয়াটাই একজন মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রতিদ্বন্দ্বিতাটা করতে হবে নিজের সঙ্গেই। তাহলেই সাফল্য ধরা দেবে হাতে।’ সূত্র: পিটিআই।