ক্রিকেটের চুনোপুঁটিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটে ‘ছোট মাছ’দের গল্প বলি শুনুন। বাংলা ভাষায় এই ছোট মাছকে একটি সুন্দর বিশেষণে বিশেষায়িত করা হয়। ‘চুনোপুঁটি’ শব্দটি উচ্চারিত হলেই কেমন যেন একটা তাচ্ছিল্য আর অবজ্ঞার ভাব এসে পড়ে। ক্রিকেটে টেস্ট-খেলুড়ে কুলীন ক্রিকেট শক্তিগুলোর সঙ্গে যখন অটেস্ট-খেলুড়ে কোনো দেশের খেলা হয়, তখন ক্রিকেট-সংশ্লিষ্টরা কেন যেন সেই অটেস্ট-খেলুড়ে দেশগুলোকে তাচ্ছিল্যের চোখে দেখতে থাকেন। ‘মিনোস’ বা ‘ছোটমাছ’ সাধারণত এই দলগুলোকে পরিচিত করার সবচেয়ে জনপ্রিয় বিশেষণ। বেশির ভাগ সময়ই এই ‘মিনোস’রা বড় দলগুলোর কাছে হেরে গেলেও, সাধারণত এই বিশ্বকাপের আসরেই তাঁরা অতীতে অনেক বড় অঘটনের জন্ম দিয়েছে বড় দলগুলোকে হারিয়ে। আর সেই ‘জয়গুলো’ সমৃদ্ধ করেছে ক্রিকেটকে। আনন্দ দিয়েছে লাখো-কোটি নিরপেক্ষ দর্শককে। আবার মুখ লুকানোর লজ্জা দিয়েছে পরাজিত টেস্ট-খেলুড়ে দেশের অসংখ্য সমর্থককে। সব মিলিয়ে এই ছোট দলগুলো কেবল বিশ্বকাপের শোভা হয়েই থাকেনি, মাঝে মধ্যে এরা বিশ্বকাপের বৈচিত্র্যও অনেক বাড়িয়েছে।এ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপের নয়টি আসরে খেলা অটেস্ট-খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল তিনটি দেশ পরবর্তী সময় নিজেদের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ও জনপ্রিয়তা প্রমাণ করে টেস্ট পরিবারে ঢুকে গেছে। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও বাংলাদেশ বিশ্বকাপ খেলেই নিজেদের প্রমাণ করেছিল। শ্রীলঙ্কা তো পরবর্তী সময় বিশ্বকাপও জিতেছে। জিম্বাবুয়ে আর বাংলাদেশের বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে খেলারও অভিজ্ঞতা রয়েছে। তবে ছোট দলগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর আখ্যানের জন্ম দিয়েছে কেনিয়া ও আয়ারল্যান্ড। কেনিয়া ২০০৩ সালে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায়। আয়ারল্যান্ড ২০০৭ সালের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে পাকিস্তানকে হারিয়ে পরবর্তী রাউন্ডে স্থান করে নেয়। অটেস্ট-খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল কেনিয়া ও আয়ারল্যান্ডই টেস্ট পরিবারের দেশগুলোর সঙ্গে লড়াই করে বিশ্বকাপের প্রথম পর্বের বাধা ডিঙিয়েছে। এ পর্যন্ত নয়টি বিশ্বকাপে টেস্ট পরিবারের দেশগুলোর বাইরে আইসিসির সহযোগী সদস্য হিসেবে বিশ্বকাপে খেলেছে পূর্ব আফ্রিকা, কানাডা, আরব আমিরাত, হল্যান্ড, নামিবিয়া, বারমুডা, স্কটল্যান্ড, কেনিয়া, আয়রল্যান্ড, জিম্বাবুয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এদের মধ্যে শ্রীলঙ্কা ১৯৮২ সালে, জিম্বাবুয়ে ১৯৯২ সালে ও বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা লাভ করে। কেনিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও হল্যান্ডের রয়েছে ওয়ানডে মর্যাদা।বিশ্বকাপে ছোট দলগুলোর লজ্জাজনক পারফরম্যান্স যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে গর্ব করার কিছু বিষয়ও। শ্রীলঙ্কা ১৯৭৯ সালের বিশ্বকাপে ভারতকে ৪৭ রানে হারিয়ে প্রথমবারের মতো ছোট দলগুলোর গর্বের ক্ষেত্র তৈরি করে। জিম্বাবুয়ে ১৯৮৩ সালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সবাইকে চমকে দেয়। ১৯৮৭ সালে উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে জিম্বাবুয়ে সব কটি ম্যাচে হারলেও প্রতিটি ম্যাচেই কিন্তু সমানতালেই লড়েছিল বড় দলগুলোর বিপক্ষে। ৯২-তে তো তারা ফাইনালিস্ট ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের টেস্ট সক্ষমতার কথা জানান দিয়েছিল জোরের সঙ্গেই। ১৯৯৬ সালে কেনিয়ার কাছে হেরে যায় ব্রায়ান লারা-ওয়ালশ-অ্যামব্রোসের ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৯ সালে ওয়াসিম আকরাম, সাঈদ আনোয়ার ও শোয়েব আকতারের পাকিস্তানকে নর্দাম্পটনের মাঠে হারিয়ে টেস্ট মর্যাদার দিকে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ।১৯৯২ সালে জিম্বাবুয়ে টেস্ট মর্যাদা পেয়ে যাওয়ার পরপরই আইসিসি সিদ্ধান্ত নেয়, আরও বেশিসংখ্যক সহযোগী সদস্যকে বিশ্বকাপে সুযোগ করে দেওয়ার। সেই মতো সিদ্ধান্ত হয় ১৯৯৪ সালের আইসিসি ট্রফির শীর্ষ তিনটি দলকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার। আইসিসির ওই সিদ্ধান্তটি যে কতখানি সময়োপযোগী ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বের সবচেয়ে কেন্দ্রীভূত খেলা হিসেবে ক্রিকেটের যে বদনাম ছিল, তা অনেকটাই কেটে যায় এই সিদ্ধান্তে। নব্বইয়ের দশকের সময় থেকে বিশ্বের অনেক দেশই ক্রিকেটে আগ্রহী হয়ে ওঠে। হয়তো তাদের আগ্রহই ভবিষ্যতে আরও দেশকে বিশ্বকাপের আসরে খেলতে দিতে বাধ্য করবে আইসিসিকে। ক্রিকেটকে সত্যিকারের বৈশ্বিক ক্রীড়ায় পরিণত করতে হলে এর বিকল্পও আসলে কিছু নেই।