ক্রিকেটের চেয়ে জীবন বড়, জুলকারনাইনের উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের চেয়ে জীবন বড়—এ কথাটি খুব ভালোমতোই উপলব্ধি করতে পেরেছেন সদ্যই ক্রিকেটকে বিদায় জানানো তরুণ পাকিস্তানি উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার। জুয়াড়িদের ম্যাচ পাতানোর প্রস্তাব নাকচ করে জীবন সংশয়ে পড়া জুলকারনাইন জাতীয় দলের হয়ে খেলার গর্বকে বিসর্জন দিয়েছেন, কেবল শান্তিপূর্ণ জীবনাচারের জন্য। ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়ে সেই শান্তির জীবন কতটা উপভোগ করতে পারবেন, সেটা পরের ব্যাপার, কিন্তু এ মুহূর্তে ক্রিকেটে ফেরার কোনোই ইচ্ছা নেই তাঁর।আন্তর্জাতিক ক্রিকেটে জুলকারনাইনের অভিষেক বছরও ঘোরেনি। আগস্টে টেস্ট অভিষেকের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ওয়ানডে ডেব্যু হয়েছিল তাঁর। তাঁর মধ্যে তরুণ উদীয়মান খেলোয়াড় হিসেবে যথেষ্টই সম্ভাবনা দেখেছিলেন পাকিস্তানি নির্বাচকেরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের আগে হঠাত্ কাউকে কিছু না বলে লন্ডন চলে যান তিনি। কারণ হিসেবে বলেছেন, জুয়াড়িদের হুমকি। সেই হুমকির মাত্রা কতটা ছিল, সেটা খোলাসা না হলেও জুলকারনাইন যে তাতে ভীষণ ভীত, তা প্রমাণিত হয়ে গেছে, ব্রিটেনে তাঁর রাজনৈতিক আশ্রয় চাওয়ার ঘটনাতেই।পশ্চিম লন্ডনে এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে জুলকারনাইন সোজাসাপ্টাই জানিয়ে দিয়েছেন, এ মুহূর্তে তিনি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। খেলা ছেড়ে দিলেও নিজ দেশ পাকিস্তানে ফিরে যাওয়ার চিন্তা তিনি আপাতত করছেন না।গতকালই পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী ইজাজ হুসেন জাখরানি জুলকারনাইনের দুবাই থেকে দেশে না ফিরে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জুলকারনাইনের আচরণ পাকিস্তানের জন্য বিব্রতকর। তিনি হুমকি পেয়ে পাকিস্তানে না ফিরে কেন লন্ডন চলে গেলেন, এ ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন কয়েকজন পাকিস্তানি সাবেক ক্রিকেটারও। তবে এসব সন্দেহের জবাবে এ তরুণ ক্রিকেটার বলেছেন, ‘দেশে ফিরে গেলে আমার ও আমার পরিবারের জীবন বিপন্ন হতো। আমাকে দেশে ফিরলেই হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল জুয়াড়িরা। তাই ওই মুহূর্তে আমার দেশে ফেরার কোনো উপায়ই ছিল না।’জুলকারনাইন আরও বলেন, ‘জুয়াড়িরা একদম মুখ বুজে তাদের সঙ্গে আমাকে কাজ করে যেতে বলেছিল। এর বিনিময়ে আমি অনেক টাকাও পাব বলে জানিয়েছিল। কিন্তু তাদের কথা অনুযায়ী কাজ না করায় আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সেই হুমকি হজম করা আমার পক্ষে সম্ভব ছিল না।’ তিনি বলেন, ‘আমি শান্তিপূর্ণ জীবন চাই। চাই, একজন ভালো নাগরিক হতে। আমি একজন ক্রিকেটার হতে পারি, কিন্তু পরিবারের জীবনের নিরাপত্তা আমার ক্রিকেটার জীবনের চেয়েও বেশি কিছু।’ সুন্দর ক্রিকেট ভবিষ্যত্ থাকার পরেও কেবল একটি হুমকিতে কেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, এমন এক প্রশ্নের জবাবে জুলকারনাইন বলেন, ‘আমার জায়গায় আপনি (প্রশ্নকর্তা সাংবাদিক) থাকলেও একই ধরনের সিদ্ধান্ত নিতেন।’দেশে না ফিরে রাজনৈতিক আশ্রয়ের জন্য কেন ইংল্যান্ডকে বেছে নিলেও, এমন প্রশ্নও করা হয়েছিল জুলকারনাইনকে। এ ব্যাপারে তিনি বলেন, ‘ইংল্যান্ডে মানবিক ব্যাপারটি খুব প্রবল। সবচেয়ে বড় কথা, এখানে আমার ও আমার পরিবারের নিরাপত্তা রয়েছে।’গত সোমবার দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের আগে উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার পালিয়ে লন্ডন চলে আসেন। তবে তাঁর এই পলায়নকে বিরক্তি ও ক্ষোভের সঙ্গে দেখছে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকারের ক্রীড়ামন্ত্রী ইজাজ হুসেন জাখনরানি বলেছেন, ‘একজন জাতীয় দলের খেলোয়াড়, জাতীয় দলের ক্যাম্প থেকে এক হুমকিতে পালিয়েছে। এটা কাপুরুষতা ও অপেশাদারি আচরণ। এমন ক্রিকেটারের খেলার চেয়ে না-খেলাই ভালো। হুমকি যদি সে পেয়েই থাকে, তাহলে তার উচিত ছিল ব্যাপারটি নিয়ে সিনিয়র ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করা।’ বিবিসি অনলাইন।