ক্রিকেটের তিন ফরম্যাটেই আস্থা গিলক্রিস্টের

ব্যস্ত দুনিয়ায় টেস্ট ক্রিকেট আবেদন হারিয়েছে কি না, এ নিয়ে বিতর্কে অনেকেরই আগ্রহ। অনেকেই মনে করেন, মানুষের এত সময় নেই যে পাঁচ দিন ধরে ঢিমেতালের ক্রিকেট দেখতে উত্সাহী হবে। এ ধরনের আলোচনা পৌঁছে গেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার (আইসিসি) কাছেও। এমন প্রেক্ষাপটে আইসিসিও নতুন করে ভাবছে টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলার উপায় নিয়ে।
অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের ভাবনা অবশ্য অন্য রকম। তিনি মনে করেন, টেস্ট ক্রিকেটকে অজনপ্রিয় ভাবার কোনো কারণ কখনোই ঘটেনি। ক্রিকেটের তিন ফরম্যাট নিয়েই রয়েছে তাঁর গর্ব, ‘ক্রিকেট একটি অসাধারণ খেলা। তিন ফরম্যাটেই এই খেলাটি সমান জনপ্রিয়। টেস্ট অবশ্যই একটু ধ্রুপদী ঢঙের খেলা। টি-টোয়েন্টি অনেক দ্রুতলয়ের। ওয়ানডে টেস্ট ও টি-টোয়েন্টির মিশেল। এতে তিনটি ফরম্যাটই স্বতন্ত্র আবেদন নিয়ে বিদ্যমান। একটির সঙ্গে আরেকটির তুলনা অবশ্যই অবান্তর।’
টি-টোয়েন্টি ফরম্যাট ইতিমধ্যেই ক্রিকেটের ‘সোনার ডিমপাড়া হাঁস’ হিসেবে অভিহিত হয়েছে। অনেক খেলোয়াড়ই নিজের টেস্ট-ক্যারিয়ার সংক্ষিপ্ত করে ফেলছেন টি-টোয়েন্টি ফরম্যাটে আরও সময় দেওয়ার জন্য। ব্যাপারটি একেবারেই সমর্থন করেন না গিলক্রিস্ট। এমনকি তিনি বিশ্বাসও করেন না কোনো খেলোয়াড় আদৌ তাঁর দেশের চেয়ে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারেন কি না, ‘আমি এটা বিশ্বাস করি না। কোনো খেলোয়াড় কেবল টি-টোয়েন্টি ফরম্যাটে পয়সা রোজগারের জন্য দেশের হয়ে খেলা ছাড়তে পারে, এটা অবিশ্বাস্য। আমি অন্তত এমন কোনো খেলোয়াড় দেখিনি। তবে কেউ যদি এমন চিন্তা-ভাবনা করে থাকে, তাহলে তা সত্যিই দুঃখজনক। আমি অন্তত তা সমর্থন করব না।’
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছেন। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় আসর কখনোই নিজের দেশের মাটিতে খেলা হয়নি গিলক্রিস্টের। এ ব্যাপারে একটা আফসোস রয়েই গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারের। তবে ২০১৫ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ তাঁর মধ্যে এক অন্য রকম উদ্দীপনাই জোগাচ্ছে, ‘ঘরের মাটিতে বিশ্বকাপ নিয়ে আমি খুবই উদ্দীপ্ত। আমি কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ খেলিনি। তবে ২০১৫ সালের বিশ্বকাপ প্রাণভরে উপভোগ করে সেই আফসোসটা মিটিয়ে ফেলতে চাই।’ সূত্র: গালফ নিউজ।