ক্রিকেটের নতুন ‘চোকার্স’ শ্রীলঙ্কা!
বিশ্ব ক্রিকেটে ‘চোকার্স’ দক্ষিণ আফ্রিকা। প্রতিটি বিশ্বকাপেই সাফল্যের চূড়ান্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বারবার ব্যর্থ এই দলটি। কেবল তা-ই নয়, তারা ব্যর্থ হয় খুবই ট্র্যাজিক স্টাইলে। ভেঙে পড়ে আসল সময়টিতেই। সব সময়ই ক্রিকেটের শীর্ষ আসনে থাকলেও বিশ্বকাপের আসরে খালি হাতেই ফিরতে হয়েছে প্রোটিয়াদের।এই মুহূর্তের ক্রিকেটপ্রেমীদের শঙ্কাটা শ্রীলঙ্কাকে নিয়ে। এই দলটিও কি দক্ষিণ আফ্রিকার পথে হাঁটছে? ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ের পর ২০০২ সালে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়নস ট্রফি জয় ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার শিরোপা জেতা হয়নি তাদের। কিন্তু ছিয়ানব্বইয়ের পরেও বেশ কয়েকবারই বিশ্বকাপের শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল লঙ্কান সিংহরা। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপার খুব কাছে থেকে ফিরতে হয়েছে তাদের। ২০০৩ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়, ২০০৭ সালের বিশ্বকাপে এক অ্যাডাম গিলক্রিস্টের কাছেই হুড়মুড়িয়ে ভেঙে পড়া। আর গতকাল মুম্বাইয়ের ফাইনালে ব্যর্থতা। শ্রীলঙ্কা কি তবে ক্রিকেটের নতুন ‘চোকার্স’?’ব্যাপারটি অবশ্য তেমন মনে করেন না অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তবে তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো সাফল্য পেতে হলে শ্রীলঙ্কার এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবেই।সাঙ্গাকারা বলেন, ‘এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা যেভাবে খেলেছে, তাতে গর্বিত হওয়ার যথেষ্ট উপকরণ রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ফাইনালে সাফল্য ধরে রাখতে পারিনি। এটা অবশ্যই আমাদের ব্যর্থতা।’সাঙ্গাকারা বিশ্বকাপ ফাইনালে খেলাকে একজন খেলোয়াড়ের দুর্লভ খেলোয়াড়ি সুযোগ হিসেবে বর্ণনা করে বলেন, ‘একজন খেলোয়াড়ের জীবনে বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ বেশি আসে না। হয়তো সে একবারই এই ম্যাচটিতে খেলার সুযোগ পায়। এই দুর্লভ সুযোগের ফলে আমাদের জ্বলে ওঠা উচিত ছিল। কিন্তু সেটা আর হয়নি।’তিনি ভারতের ব্যাটিং লাইন আপের প্রশংসা করে বলেন, ‘এটা সত্যিই ঈর্ষণীয় একটি ব্যাটিং লাইন আপ। এই ব্যাটিংয়ের বিপক্ষে লড়তে হলে অবশ্যই আপনাকে ৩০০-এর অধিক রান করতে হতো। দুর্ভাগ্যজনকভাবে তা আমরা পারিনি।’সাঙ্গাকারা বলেন, ‘শুরুতেই শেবাগ ও টেন্ডুলকারকে ফিরিয়ে দেওয়ার পর মনে হচ্ছিল ২৭৪ রান যথেষ্ট। কিন্তু কাল গম্ভীর, ধোনির দিন ছিল, ওরাই ম্যাচটি বের করে নিয়ে গেছে।’মাহেলা জয়াবর্ধনের দুর্দান্ত সেঞ্চুরিটি সম্পর্কে সাঙ্গাকারা বলেন, ‘মাহেলার সেঞ্চুরিটি ছিল অসাধারণ। তিনি সত্যিই তাঁর ক্লাস আমাদের সামনে তুলে ধরেছেন। মাহেলা সত্যিই দুর্দান্ত এক খেলোয়াড়।’ ওয়েবসাইট।