খেলায় বেশ কিছু শব্দের চল হয়েছে। যেমন ২৬ ডিসেম্বর শুরু টেস্টকে বলে বক্সিং ডে টেস্ট। কেন? হ্যাটট্রিক শব্দটিই বা এল কেমন করে? টেনিসে ‘লাভ’ মানে কেন শূন্য? সেই সব শব্দ-শব্দবন্ধের গল্প নিয়ে আমাদের নতুন ধারাবাহিক—ক্রীড়া অভিধান। দশম পর্বে থাকছে ‘নাইট ওয়াচম্যান’। লিখেছেন অনিরুদ্ধ রহমান

নৈশপ্রহরী কথাটা কি শুনতে খারাপ শোনায়? কাজটা কি এতটাই অগুরুত্বপূর্ণ? রাতভর পাহারা দিয়ে আগলে রাখেন যাঁরা, তাঁদের শ্রমের কোনো দাম নেই!
শেষ বিকেলের অনাকাঙ্ক্ষিত উইকেট পতনের পর অধিকাংশ সময়েই দেখা যায় সাধারণত লোয়ার অর্ডার বা আট-নয়-দশ নম্বরে ব্যাটিং অর্ডারের কোনো ব্যাটসম্যানকে টপ অর্ডারে ব্যাটিংয়ে পাঠানো হয়। এই ‘বিশেষ ব্যাটসম্যান’ই ‘রাত দেখা মানব’ বা ‘নাইট ওয়াচম্যান’। তাঁর মূল দায়িত্ব দিনের বাকি ওভারগুলো ক্রিজে মাটি কামড়ে পড়ে থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দলের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের জীবনের ঝুঁকি হ্রাস করা। শেষ কয়েক ওভারে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের দলের জন্য খুব বেশি কিছু করার থাকে না। কিন্তু ওই কয়েকটি ওভারে তাঁর উইকেট হারিয়ে ফেলা দলের জন্য খুবই ক্ষতিকর।
নাইট ওয়াচম্যানের কাছ থেকে রানের চেয়েও বেশি প্রত্যাশা থাকে যতটা সম্ভব রক্ষণাত্মক খেলে দিনের বাকি সময় উইকেটে টিকে থাকা। তবে প্রহর শেষের রাঙা আলোয় নাইট ওয়াচম্যান রক্ষণাত্মক খেললেও পরদিন নতুন আলোয় সে সাধারণত আবির্ভূত হয় স্বরূপে। আগের দিনের রক্ষণাত্মক খেলোয়াড়টিরই নজর পড়ে দ্রুত রান সংগ্রহের দিকে। নাইট ওয়াচম্যানের কাছে ব্যাটিং দলেরও যেমন প্রত্যাশা সীমিত, বোলিং দলও সাধারণত তাকে হালকাভাবেই নিয়ে থাকে। তাই নাইট ওয়াচম্যান হিসেবে নামা ব্যাটসম্যান কিছু রান করে ফেললে তা বোলিং দলকে একেবারে অস্বস্তিতে ফেলে বৈকি।
নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা ব্যাটসম্যানদের আছে ছয়টি সেঞ্চুরির ইনিংসও। মার্ক বাউচার ঠিক নাইট ওয়াচম্যান হয়তো নন। তবে এই ভূমিকায় কয়েকবারই নামতে হয়েছিল তাঁকে। নৈশপ্রহরীদের ছয়টি সেঞ্চুরির দুটিই তাঁর। আছে বাংলাদেশের বিপক্ষে ২০০৬ সালে চট্টগ্রামে করা জেসন গিলেস্পির ২০১ রানের এক অপরাজিত ইনিংসও। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ইংল্যান্ডের অ্যালেক্স টিউডর অপরাজিত ৯৯ রান করে দলকে পৌঁছে দেন জয়ে বন্দরে।
ক্রিকেটের অনেক সংস্কৃতির ধারক ও বাহক অস্ট্রেলিয়া ড্র নিশ্চিত করার চেয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়া, ফলো-অনে পড়লেও বিপক্ষ দলকে আবার ব্যাটিংয়ে না পাঠানো—এসবের মতো স্টিভ ওয়াহ তাঁর আমলে নাইট ওয়াচম্যানের এ ধারণাকেও বাতিল করেছিলেন। কারও কারও মতে, নাইট ওয়াচম্যানের ব্যবহার বরং খানিকটা অকার্যকর। নাইট ওয়াচম্যান হিসেবে নামা ব্যাটসম্যানদের গড় রান সাধারণত ১৫। এবং সমীক্ষায় দেখা গেছে, নাইট ওয়াচম্যান কৌশলে ব্যর্থতার হার সাফল্যের দ্বিগুণ। নাইট ওয়াচম্যান ব্যবহূত ইনিংসে দলের গড় রান নাইট ওয়াচম্যান ব্যবহার না করা ইনিংসের চেয়ে ২৫ কম!
নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরি! ব্যাটসম্যান হিসেবে ম্যাকগ্রার চেয়ে একটু ‘ভালো’ বলে বিবেচিত গিলেস্পি নিশ্চয়ই ২০০৬ সালের চট্টগ্রাম টেস্টটিকে আজীবন মনে রাখবেন। মনে রাখবেন অন্য এক কারণেও। এই ম্যাচের পরই ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল তাঁর! ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই দল থেকে বাদ—এই আক্ষেপ আর কোনো ক্রিকেটারের আছে বলে তো মনে হয় না!