ক্রিকেটের পাশেই ফুটবল স্টেডিয়াম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় কক্সবাজারে ক্রিকেট কমপ্লেক্স গড়ার পথে অনেক দূর এগিয়েছে বিসিবি। এরই মধ্যে খেলার মাঠ, অনুশীলনের মাঠও হয়ে গেছে। ক্রিকেটের পাশাপাশি কক্সবাজারে একটা ফুটবল স্টেডিয়ামও তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় গতকাল কক্সবাজারে ফুটবলের জন্য জায়গা দেখতে গেছে ক্রীড়া মন্ত্রণালয়সহ বাফুফে ও বিসিবির একটি প্রতিনিধিদল।
ওই দলেরই সদস্য বাফুফের সহসভাপতি বাদল রায় ফোনে জানালেন সফর সম্পর্কে, ‘কমপ্লেক্স করার জন্য লাবনী পয়েন্টে ৪৯ একর জায়গা নিয়েছে ক্রিকেট। এত বড় জায়গা তাদের লাগবে না। এখান থেকে ফুটবলের জন্য ১৫-১৬ একর জায়গা হলেই চলবে। সেটা আশা করি ফুটবল পাবে। বিসিবির পরিচালক আ জ ম নাছির সফরে ছিলেন। তিনি নীতিগতভাবে একমত হয়েছেন ক্রিকেট স্টেডিয়ামের পাশে ফুটবলকে জায়গা দিতে। ক্রিকেট বোর্ডে ব্যাপারটা তিনি তুলবেন। আমরা শুধু স্টেডিয়াম নয়, একটা ফুটবল কমপ্লেক্সই করতে চাই।’