ক্রিকেটের পিতা-পুত্র, ভাই-বেরাদর!

১৯৩৩ সালে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন লালা অমরনাথ। ৪৩ বছর পর তাঁর পুত্র সুরিন্দর অমরনাথের টেস্ট অভিষেকটাও হয়েছিল সেঞ্চুরি দিয়ে। আশ্চর্যজনকভাবে দুজনের কেউই পরে আর কোনো টেস্ট সেঞ্চুরির দেখা পাননি। লালা অমরনাথের আরেক পুত্র মহিন্দর অমরনাথ ছিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রধান সদস্য। মহিন্দরের ব্যাটসম্যান পরিচয়টা বড় হলেও ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে তিনি বল হাতেই রচনা করেছিলেন ভারতের বিজয়গাথা।
ক্রিকেট বিশ্বে ওয়াহ ভ্রাতৃদ্বয় বেশ পরিচিত নাম। যমজ এই দুই ভাই একসঙ্গেই খেলেছেন দীর্ঘদিন। তবে মজার ঘটনা, ছোট ভাই মার্ককে যখন প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে জায়গা দেওয়া হয়, তখন দল থেকে বাদ দেওয়া হয়েছিল বড় ভাই স্টিভকে। পরে অবশ্য দুজনেই হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার নির্ভরতার প্রতীক। অনেকেরই হয়তো অজানা যে তাঁদের আরেক ভাইও ক্রিকেটার ছিলেন। তবে ডিন নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেছিলেন মাত্র একটা প্রথম শ্রেণীর ম্যাচ।

মার্ক ও স্টিভ ওয়াহ আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো একসঙ্গে মাঠে নেমেছিলেন ১৯৮৯ সালে। তবে ক্রিকেটে যমজদের একসঙ্গে মাঠে নামার ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। ১৯৮৪ সালে মেয়েদের ক্রিকেটে নিউজিল্যান্ডের যমজ দুই বোন রোজমেরি ও এলিজাবেথ সিগন্যাল মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।
নিউজিল্যান্ডের হ্যাডলি পরিবারটিকে ক্রিকেট পরিবার বলেও অনায়াসে ডাকা যেতে পারে। স্যার রিচার্ড হ্যাডলি টেস্ট ক্রিকেটে কিউইদের অধিনায়কত্ব করেছেন। অবসর নেওয়ার সময় ৪৩১ উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডটাও ছিল তাঁরই দখলে। হ্যাডলির বাবা ওয়াল্টার ও ভাই ডায়েলও নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন টেস্ট ক্রিকেটে। আরেক ভাই ব্যারি খেলেছেন ওয়ানডে ক্রিকেট। বাদ যাননি হ্যাডলির স্ত্রীও। কারেন মেয়েদের ক্রিকেটে খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে।

অনন্য এক পারিবারিক ক্রিকেট ঐতিহ্য খুব চমত্কারভাবে যারা ধরে রাখতে পেরেছে, তাদের নামও হেডলি। এই ক্রিকেট বংশটি ওয়েস্ট ইন্ডিজের। ১৯৩০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত প্রতিপক্ষের ত্রাস হিসেবেই বিবেচনা করা হতো জর্জ হেডলিকে। ওয়েস্ট ইন্ডিজের এই ডানহাতি ব্যাটসম্যানকে প্রায়ই ডাকা হতো ‘কালো ব্র্যাডম্যান’ বলে। জর্জের ছেলে রোনাল্ড হেডলিও খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। রোনাল্ডের ছেলে ডিনও খেলেছেন টেস্ট ক্রিকেটে। তবে ১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নয়, মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের হয়ে।
তিন প্রজন্ম ধরে টেস্ট খেলার আরও একটি দৃষ্টান্ত আছে। ২০০৫ সালে পাকিস্তানের হয়ে নিজের একমাত্র টেস্টটি খেলেন বাজিদ খান। বাজিদের বাবা মাজিদ খান ৬৩টি টেস্ট খেলেছেন পাকিস্তানের হয়ে। তবে পিতামহ জাহাঙ্গীর খান টেস্ট খেলেছেন ভারতের হয়ে।
তবে খান নয়, পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত ক্রিকেট পরিবার হলো ‘মোহাম্মদ পরিবার’। চার ভাই হানিফ, মুশতাক, ওয়াজির ও সাদিক মোহাম্মদ টেস্ট ক্রিকেট খেলেছেন পাকিস্তানের হয়ে। হানিফ মোহাম্মদের ছেলে শোয়েবও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন টেস্ট ক্রিকেটে।

আধুনিক ক্রিকেটের জনক ডব্লুজি গ্রেস। কিংবদন্তি এই ইংলিশ ক্রিকেটারের অপর দুই ভাই ইএম ও জিএফ গ্রেসও ছিলেন ক্রিকেটার। ইংল্যান্ডের একটি টেস্টে একসঙ্গেই মাঠে নেমেছিলেন এই তিন ভাই। তিন ভাইয়েরই মাঠে আরেকটি দৃষ্টান্ত আছে। ১৮৯২ সালে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন জ্যাক আর জর্জ হার্নেস। তাঁদের আরেক ভাই ফ্রাঙ্ক হার্নেস ওই ম্যাচেই মাঠে নেমেছিলেন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার হয়ে! ম্যাচটি অবশ্য ছিল তিন দিনের।
১৯৩২-৩৩ সালে বডিলাইন সিরিজে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ছিলেন ভিক্টর রিচার্ডসন। তাঁর তিন নাতি ইয়ান, গ্রেগ ও ট্রেভর চ্যাপেলও পরে নিজ নিজ নামে সুখ্যাত হয়েছেন। ট্রেভর অতটা বিখ্যাত না হলেও ইয়ান আর গ্রেগ চ্যাপেল টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার নেতৃত্বও দিয়েছেন।
১৯৮১-৮২ সালে টেস্ট ইতিহাসের প্রথম দুটি টেস্ট খেলেছিলেন অস্ট্রেলিয়ার উইলিয়াম হেনরি কুপার। ৮৬ বছর পরে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছিল পল শিহানের, কুপার ছিলেন তাঁর প্রপিতামহ।