ক্রিকেটের বর্ষসেরা ক্লার্ক

অ্যাশেজে পরপর দুই টেস্টে দুর্দান্ত জয়। তারপর তৃতীয় টেস্ট শুরুর দিনেই এমন একটা সুখবর! নিজের শততম টেস্টে পার্থে টস করতে নামার দিনেই শুনলেন ক্রিকেট অস্কারে বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার দুটোই পেয়েছেন তিনি! মাইকেল ক্লার্কের চেয়ে সুখী মানুষ এখন পৃথিবীতে আর কে আছেন!
পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে ২০১২ সালের ৭ আগস্ট থেকে এ বছরের ২৫ আগস্ট পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স। এই সময়টায় ১৪ টেস্ট খেলে ৭০.৮৬ গড়ে ১৫৫৯ রান করেছেন ক্লার্ক, দ্বিতীয় সর্বোচ্চ অ্যালিস্টার কুকের চেয়ে ৩০৩ রান বেশি। বিবেচনাধীন সময়ে তাঁর দল অস্ট্রেলিয়ার পারফরম্যান্স খুব ভালো না হলেও ব্যক্তিগত এই পারফরম্যান্সের কারণেই আমলা, অ্যান্ডারসন, কুক, ধোনিদের পেছনে ফেলে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারটাও উঠেছে তাঁর হাতে যেখানে ক্লার্কের প্রতিদ্বন্দ্বী ছিলেন হাশিম আমলা, জেমস অ্যান্ডারসন, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা ও ডেল স্টেইন।
গত বছর বর্ষসেরা ক্রিকেটার, টেস্ট ক্রিকেটার ও পিপলস চয়েস অ্যাওয়ার্ড—তিনটি পুরস্কারই জিতে চমক দেখিয়েছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। বাদ পড়ে গিয়েছিল বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারটা। এবার অন্য পুরস্কারগুলো না পেলেও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পুরস্কারটা জিতেছেন সাঙ্গাকারা। এই সময়ে এক দিনের ক্রিকেটে ৬৩.৭৩ গড়ে ৯৫৬ রান করেছেন এই শ্রীলঙ্কান বাঁহাতি। ট্রেন্ট বোল্ট, জো রুট ও মিচেল স্টার্ককে পেছনে ফেলে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২.২ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৫ উইকেট নেওয়া উমর গুলের পারফরম্যান্সটা স্বীকৃতি পেয়েছে বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স হিসেবে।
ব্যাটে-বলে পারফরম্যান্সের কারণে না হলেও খেলোয়াড়ি মানসিকতা দেখানোর জন্য ‘স্পিরিট অব ক্রিকেট’ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের ফরহাদ রেজাও। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাউন্ডারি লাইনে পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদের ক্যাচ নেওয়ার পরও পা সীমানা-দড়ি স্পর্শ করায় ছক্কার সংকেত দিয়েছিলেন তিনি। তবে তাঁকে পেছনে ফেলে শেষ পর্যন্ত এই বিভাগের পুরস্কার জিতেছেন মাহেলা জয়াবর্ধনে। নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে ৯১ রানে ব্যাটিংয়ের সময় বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসবন্দী হলে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই ক্রিজ ছেড়ে গিয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। এএফপি।
আইসিসি বর্ষসেরা ২০১৩
বর্ষসেরা ক্রিকেটার (গ্যারি সোবার্স ট্রফি): মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: মাইকেল ক্লার্ক
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: চেতেশ্বর পূজারা (ভারত)
বর্ষসেরা সহযোগী দেশের ক্রিকেটার: কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)
বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স: উমর গুল (পাকিস্তান)
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড: মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)
বর্ষসেরা নারী ক্রিকেটার (ওয়ানডে): সুজি বেটস (নিউজিল্যান্ড)
বর্ষসেরা নারী ক্রিকেটার (টি-টোয়েন্টি): সারাহ টেলর (ইংল্যান্ড)
বর্ষসেরা আম্পায়ার (ডেভিড শেফার্ড ট্রফি): রিচার্ড কেটেলবরো
পিপলস চয়েস অ্যাওয়ার্ড: মহেন্দ্র সিং ধোনি (ভারত)