এ যেন পাল্টাপাল্টি! এর আগে বিভিন্ন উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম চেয়েছে ক্রিকেট। এবার ক্রিকেটের মাঠ চাইছে ফুটবল!উপলক্ষ আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের একটি করে অনুশীলন সেশন হবে। বাকি দুটি সেশনের জন্য মিরপুর অথবা ফতুল্লা স্টেডিয়ামের দিকে চোখ বাফুফের।বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিষয়টা সামনে এনেছেন। ক্রিকেটের দুটি স্টেডিয়ামের যেকোনো একটি দেওয়ার জন্য তাঁরা ক্রীড়া পরিষদের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন। বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ অবশ্য আগেই বলে দিয়েছেন, ফুটবলারদের বুটের স্পাইকে উইকেট এবং মাঠের ক্ষতি হবে। কাজেই অনুশীলনের জন্য মাঠ দেওয়া সম্ভব হবে না।কাল সালাউদ্দিন দিলেন পাল্টা যুক্তি, ‘এমসিজেতে ক্রিকেট-ফুটবল দুটোই হয়। একসময় বঙ্গবন্ধুতেও ক্রিকেট-ফুটবল একসঙ্গে হয়েছে। আমরা মিরপুর অথবা ফতুল্লা স্টেডিয়াম কয়েক ঘণ্টা ব্যবহারের জন্য চিঠি দেব। তবে জোর করব না। না দিলে বিকল্প খুঁজব।’