ক্রিকেটের সঙ্গে এবার ট্রান্সকম বেভারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্দার বাজারে কোনো বাণিজ্যিক চুক্তিই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে খুব আনন্দের খবর হচ্ছে না। সেদিক দিয়ে ট্রান্সকম বেভারেজের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি আশার আলোই দেখাচ্ছে। এই প্রথম পানীয় চুক্তিতে শুধু পানীয়ই পাচ্ছে না বোর্ড, পাচ্ছে ৩০ লাখ টাকা রয়্যালটি ফিও। কাল বিসিবি কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেছে দুই পক্ষ। ১ জানুয়ারি ২০১০-এ কার্যকর হয়ে চুক্তিটি শেষ হবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর।চুক্তির আওতায় ট্রান্সকম প্রতিটি আন্তর্জাতিক সিরিজে কোমল পানীয়, মিনারেল ওয়াটার, ড্রিংক ট্রলি, ফ্রিজ, কুল বক্স ও গ্রাউন্ডসম্যানদের জন্য টি-শার্ট সরবরাহ করবে বিসিবিকে। এই প্রথম অফিশিয়াল পানীয় চুক্তিতে যোগ হয়েছে ঘরোয়া ক্রিকেটও। আন্তর্জাতিক সিরিজের মতো ঘরোয়া ক্রিকেটেও কোমল পানীয়, মিনারেল ওয়াটার, জুস বা এনার্জি ড্রিংক দেবে ট্রান্সকম। ট্রান্সকম বেভারেজের নিজস্ব ব্র্যান্ডের মিনারেল ওয়াটার বাজারজাত হওয়ার আগ পর্যন্ত প্রথম সারির অন্য কোনো মিনারেল ওয়াটার সরবরাহ করবে তারা। চুক্তিকালে বিসিবির কাছ থেকে প্রতিটি আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া ক্রিকেটে ট্রান্সকম পাবে পেরিমিটার বোর্ড ও হসপিটালিটি বক্সের আসন। এ ছাড়া ফটোসাংবাদিক এবং টিভি ক্যামেরাম্যানদের ব্যবহূত ছাতাও ব্র্যান্ডিং করতে পারবে ট্রান্সকম। এর আগে বিসিবির দুই বছরের পানীয় চুক্তি ছিল পারটেক্স বেভারেজের সঙ্গে।চুক্তি স্বাক্ষরের সংবাদ সম্মেলনে বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম বোর্ডের আরেকটি লাভের দিকও তুলে ধরেছেন, ‘ট্রান্সকমের কাছ থেকে সব পানীয় না নিলে ফেরত যাওয়া পানীয়ের মূল্য তারা আমাদের নগদ দেবে। বিসিবির বাড়তি আয় হবে তাতে।’ ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের মহাব্যবস্থাপক খুরশিদ ইরফান চৌধুরী বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের সঙ্গে পেপসি যুক্ত অনেক দিন ধরে। মাঝখানে একটা বিরতির পর গত বছর মাশরাফি, আশরাফুল আর সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে আমরা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়োজন করেছি পেপসি ফার্স্ট বলের ক্যাপ্টেন। বিসিবির বেভারেজ পার্টনার হওয়ার পর আশা করি ক্রিকেটের সঙ্গে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পেপসিকো ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার তেজিন্দার খুরানা, বিসিবির সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম, মার্কেটিং কোম্পানির ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ, ভারপ্রাপ্ত প্রধাননির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ও ট্রান্সকমের মার্কেটিং এজেন্ট এক্সিওম টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক।কালই আরেকটি সংবাদ সম্মেলনে ভারতের মোবাইল ফোন কোম্পানি আইডিয়া সেলুলার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পনসর হিসেবে। সিরিজের নাম তাই আইডিয়া কাপ। এই সিরিজের পর ভারতের সঙ্গে দুই টেস্টের সিরিজের নাম হবে আইডিয়া টেস্ট সিরিজ। টাইটেল স্পনসর-স্বত্ব বিসিবির কাছ থেকে ৫ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছে বিজ্ঞাপনী সংস্থা অ্যাড টাচ। টাইটেল স্পনসরের অর্থের বাইরে বিসিবি প্রাইজমানির জন্য পাবে ৫৩ হাজার মার্কিন ডলার। দ্রুততম ফিফটি আর সবচেয়ে বেশি ছক্কার পুরস্কারের জন্য দেবে ১৪ হাজার মার্কিন ডলার করে।