ক্রিকেটের সঙ্গে বন্ধুত্বও চায় পাকিস্তান
ওয়েস্ট ইন্ডিজ দল ব্যাপারটা ধরতে পেরেছিল সিরিজের শেষ দিকে এসে। পাকিস্তান বোধহয় ধরে ফেলল শুরুতেই! একাডেমি মাঠে কাল প্রথম দিন প্র্যাকটিস করেই আপত্তি জানিয়েছে তারা। আজ থেকে ইনডোরের পাশের উইকেটে প্র্যাকটিস করতে চায় দলটা।একাডেমি মাঠের প্র্যাকটিস উইকেটগুলো একটু বেশি ব্যবহূত। তা ছাড়া এসব উইকেট লালচে মাটির। অথচ শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট কালো মাটির, ইনডোরের পাশের উইকেটগুলোও তা-ই। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট তাই ম্যাচের উইকেটের সঙ্গে অভ্যস্ত হতে ইনডোরে প্র্যাকটিস করার সুযোগ চেয়েছে বিসিবির কাছে।না দেখার, না বোঝার ভান করে প্রতিপক্ষের পথে কাঁটা বিছিয়ে রাখার সংস্কৃতি চালু আছে আন্তর্জাতিক ক্রিকেটে। কালো মাটির উইকেটে ম্যাচ খেলার আগে প্রতিপক্ষকে ভিন্ন ধরনের উইকেটে প্র্যাকটিস করতে দেওয়া হয়তো সেই কৌশলেরই অংশ। যদি তা-ই হয় এবং পাকিস্তানের ম্যানেজার নাভিদ আকরাম চিমা সেটা বুঝতে পারেন, নিশ্চিতভাবেই মন খারাপ হবে তাঁর। এই সিরিজে যে বন্ধুত্বেরই জয়গান গাইতে চাইছেন ভদ্রলোক!কাল পাকিস্তানের কোচ-অধিনায়কের সংবাদ সম্মেলন শেষে নিজে থেকেই মাইক্রোফোন টেনে নিয়ে ছোটখাটো একটা বক্তৃতা দিলেন চিমা। যার সারমর্ম, কুল অ্যান্ড কুল কাপটা যেন ক্রিকেটের মোড়কে বন্ধুত্বের গান গায়, ‘আমরা এখানে শুধু ম্যাচ জিততে আসিনি, হূদয় জয় করতেও এসেছি। ক্রিকেটপ্রেমীরা সেরা খেলাই দেখবে। আমি বাংলাদেশের মানুষের সাফল্য কামনা করি। আশা করি, আগামী কয়টা দিন তারা অসাধারণ কিছু ক্রিকেট দেখবে।’পাকিস্তানের ক্রিকেট আর বিতর্ক মুদ্রার এপিঠ-ওপিঠ হলেও বাংলাদেশ সফরে ক্রিকেটীয় চেতনাটাকেই ঊর্ধ্বে তুলে ধরতে চাইলেন চিমা, ‘পাকিস্তান দল এখানে ক্রিকেট খেলতে এসেছে। যেকোনো মূল্যেই হোক খেলার চেতনাটাকেই তুলে ধরতে হবে সবার ওপরে। মাঠে ভালো লড়াই হবে আশা করি, তবে সেটা অবশ্যই বন্ধুত্বপূর্ণ পরিবেশে।’ উইকেটের সমস্যা চোখে পড়েছে মাঠে আসার পর। তার আগে কাল মাঠে আসার জন্য হোটেল লবিতে ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে পাকিস্তান দলকে। হোটেল থেকে মাঠ পর্যন্ত পাকিস্তানের টিম বাসের নিরাপত্তাকর্মীরা নাকি সময়মতো হাজির হতে পারেননি সেখানে!সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ দলকে যথেষ্ট সম্মান জানিয়েছেন পাকিস্তান কোচ মহসিন খান, ‘নিজেদের মাঠে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ নয়। তাদের হারানো কঠিন হবে। বাংলাদেশ থেকে ভালো ফলাফল নিয়ে ফিরতে হলে ভালো খেলার বিকল্প নেই।’প্রধান নির্বাচক মহসিন খান শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশেও ভারপ্রাপ্ত কোচের ভূমিকায়। তাঁর ওপর এতটা আস্থা রাখায় পিসিবিকে ধন্যবাদ দিলেন মহসিন, ‘আমাকে এই দায়িত্ব দেওয়ায় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। খেলোয়াড়ি জীবনে নিজে যা শিখেছি, ছেলেদের মধ্যে সেসবই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।’ বিয়ে করেছিলেন ভারতের হিন্দি ছবির জনপ্রিয় নায়িকা রিনা রায়কে। পরে বিচ্ছেদ হয়ে গেছে। রিনা রায়ের সঙ্গে বিয়ের সুবাদেই মহসিন খান ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন হিন্দি ছবিতেও। ফেলে আসা বর্ণাঢ্য জীবনের দিকে তাকিয়ে একটু যেন আবেগাপ্লুত হয়ে পড়লেন পাকিস্তানের হয়ে ৪৮টি টেস্ট আর ৭৫টি ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যান, ‘পাকিস্তান আমাকে সবই দিয়েছে। মহসিন খান আজ যে অবস্থানেই থাকুক, সেটা পাকিস্তানের ক্রিকেটের সৌজন্যে। যতটা সম্ভব, আমি তা ফিরিয়ে দিতে চাই।’