
খেলায় বেশ কিছু শব্দের চল হয়েছে। যেমন ২৬ ডিসেম্বর শুরু টেস্টকে বলে বক্সিং ডে টেস্ট। কেন? হ্যাটট্রিক শব্দটিই বা এল কেমন করে? টেনিসে ‘লাভ’ মানে কেন শূন্য? সেই সব শব্দ-শব্দবন্ধের গল্প নিয়ে আমাদের নতুন ধারাবাহিক—ক্রীড়া অভিধান। নবম পর্বে থাকছে ‘চায়নাম্যান’। লিখেছেন অনিরুদ্ধ রহমান
কৌতুক করে বলা নাকি পরিতাপ? বলা কঠিন। তবে একটা কথা বেশ চালু আছে—ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু বাকি সবকিছুই ‘মেড ইন চায়না’!
অবশ্য ক্রিকেটে এখনো এই চীনা আধিপত্য শুরু হয়নি। অর্থনীতি এবং রাজনীতির উদীয়মান পরাশক্তি চীনে ক্রিকেট বিস্তারের জন্য আইসিসি অনেক দিন ধরেই আন্তরিক চেষ্টা করে যাচ্ছে। এ ক্ষেত্রে ধীরে হলেও কিছু সফলতাও পাচ্ছে। তবে ক্রিকেট বিশ্বে কিন্তু চীনা বা চায়নাম্যানের উপস্থিতি প্রায় ৮০ বছর আগেই!
১৯৩৩ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এলিস এডগার ‘পুস’ আচং অভিনব এক বলে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ইংল্যান্ডের ওয়াল্টার রবিন্সকে। ছয়টি টেস্ট ম্যাচ খেলা আচং ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান এবং স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। ডানহাতি অর্থোডক্স স্পিন বা ফিঙ্গার স্পিন বোলিং একজন ডানহাতি ব্যাটসম্যানের জন্য মূলত গতানুগতিক অফ স্পিন বোলিং। সে হিসেবে বাঁ-হাতি অর্থোডক্স স্পিন একজন ডানহাতি ব্যাটসম্যানের জন্য হয়ে যায় লেপ স্পিন। লেগ স্পিন মাথায় রেখেই রবিন্স সেদিন খেলছিলেন আচংকে।
কিন্তু সেই বিশেষ ডেলিভারিতে অর্থোডক্স আচং আচমকা করলেন আন-অর্থোডক্স বোলিং। অর্থাত্ ফিঙ্গার স্পিনের পরিবর্তে করলেন রিস্ট স্পিন। আঙুলের পরিবর্তে কবজির ব্যবহার, যা লেগ স্পিনারের গুগলির মতো ডানহাতি রবিন্সের অফ স্টাম্পের বাইরে পরে আরও বেরিয়ে যাওয়ার পরিবর্তে ঢুকে গেল স্টাম্পের দিকে। ক্রিজ ছেড়ে বাইরে বের হয়ে এসে হাঁকাতে গিয়ে হতভম্ব রবিন্স মিস করলেন লাইন। ফিরে গেলেন স্টাম্পড হয়ে।
রবিন্স কিছুতেই মেনে নিতে পারছিলেন না এই আউট। রাগে গজরাতে গজরাতে মাঠ ছেড়ে যাবার সময় আম্পায়ারকে তাই বলে গেলেন, ‘ফালতু চায়নাম্যানের এ এক খামখেয়ালি।’ কথাটি ইংল্যান্ডে দ্রুত জনপ্রিয়তা পায় এবং পরে ছড়িয়ে পড়ে সমগ্র ক্রিকেট বিশ্বে। রবিন্স খামখেয়ালি বলতে বোলারকে বুঝিয়েছেন নাকি বলটিকে বুঝিয়েছেন তা স্পষ্ট না হলেও ‘চায়নাম্যান’ শব্দটি এর পর থেকেই বাঁ-হাতি আন-অর্থোডক্স স্পিনের সমার্থক হয়ে ওঠে। বাঁ-হাতি লেগ স্পিনারদের কিংবা বাঁ-হাতে করা লেগ স্পিনকে বোঝাতে তাই ‘চায়নাম্যান’ কথাটা উঠে আসে।
নিয়তির কখন কাকে কেন পছন্দ হয়ে যায়, আগে থেকে বলা যায় না। ক্রিকেটবিধাতাও বুঝি চায়নাম্যানের মতোই খামখেয়ালি। একটা রানআউট করেই ভিনু মানকড় ক্রিকেট ইতিহাসে অমর হয়ে গেছেন। এলিস এডগার আচংও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে একটা মাত্র উইকেট নিয়েই অমর হয়ে গেছেন ক্রিকেট অভিধানে। যতদিন ক্রিকেট খেলা হবে থাকবে, চায়নাম্যান আর চায়নাম্যানের কথা উঠলেই লোকে খুঁজে ফিরবে ‘পুস’ আচং নামের একজন চায়নাম্যানকে। আচংয়ের পূর্বপুরুষের দেশ চায়না বা চীন আজও আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে জন্ম নেওয়া এই ক্রিকেটার প্রথম ‘চায়নাম্যান’ হিসেবে ক্রিকেট খেলে গেছেন সেই ১৯৩০-এর দশকে।