ক্রিকেটের ‘বিষণ্ন’ দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাইয়ের জামাই তিনি, জাতিতেও তামিল। নিত্যই যাওয়া-আসা চেন্নাইয়ে, চেন্নাই সুপার কিংসে খেলেছেন প্রথম তিন আইপিএল। অথচ খেলতে পারবেন না চেন্নাইয়ের মাটিতেই! ব্যাপারটা মানতেই পারছেন না মুত্তিয়া মুরালিধরন। মেনে নিতে পারছেন না রাজনীতির আঁচে ক্রিকেটের দহনও। চেন্নাইয়ে লঙ্কান ক্রিকেটারদের খেলতে না দেওয়া মুত্তিয়া মুরালিধরনের কাছে ক্রিকেটের ‘বিষাদের’ দিন। অর্জুনা রানাতুঙ্গা বরাবরের মতোই বিপ্লবী। লঙ্কান ক্রিকেটারদের আহ্বান জানিয়েছেন আইপিএল বর্জন করতে।শ্রীলঙ্কায় তামিলদের প্রতি আচরণের রেশ ধরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত চেন্নাইয়ের রাজনীতি। তামিলদের সঙ্গে যে ‘নৃশংস আচরণ’ করা হয়েছে, সেটার আরও জোরালো প্রতিবাদের দাবিতে এ মাসের শুরুতে শাসক জোট থেকে নিজেদের সরিয়ে নেয় রাজ্যের অন্যতম প্রধান দল ডিএমকে। উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দিন আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান, চেন্নাইতে শ্রীলঙ্কান ক্রিকেটারদের অংশগ্রহণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং সাধারণ মানুষের আবেগে আঘাত হানতে পারে।’ আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে দেয় চেন্নাইয়ে কোনো লঙ্কান ক্রিকেটারকে খেলানো যাবে না। প্রথম তিন মৌসুমে চেন্নাইয়ে খেলা মুরালিধরন এখন খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এনডিটিভিকে কাল এই কিংবদন্তি স্পিনার বলেন, ‘ভারতের একটি নির্দিষ্ট এলাকায় আমরা খেলতে পারব না, ক্রিকেটের জন্য এটা বিষণ্ন একটি দিন।’ এটা সরকারের সিদ্ধান্ত। তারা যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে তো আমাদের সাবধান হতেই হবে।’তামিল হয়েও শ্রীলঙ্কার জনপ্রিয়তম ক্রিকেটার মুরালিধরন। জানালেন, জাতিগত বিভেদটা নিজে কখনো অনুভব করেননি, ‘২০ বছর আমি শ্রীলঙ্কা দলে খেলেছি, তামিল হিসেবে কোনো সমস্যা হয়নি। সরকার ও ক্রিকেট বোর্ড আমাকে সহায়তা করেছে, এমনকি জীবনের কঠিনতম সময়েও সবাইকে পাশে পেয়েছি। আগে না হয় তামিলদের সঙ্গে সরকারের যুদ্ধ হয়েছে, কিন্তু এখন তো যুদ্ধ নেই। আমার দেশে লোকে অনেক সুখে-শান্তিতে বাস করছে। ভারতীয় কর্তৃপক্ষের উচিত এখানে এসে দেখে যাওয়া আমরা কতটা ভালো আছি। আগে কী হয়েছে এসব ভুলে সামনে তাকানো উচিত। আবার যুদ্ধ পরিস্থিতি আমরা চাই না।’চেন্নাইয়ে খেলতে না পারার ব্যক্তিগত কষ্টের কথা জানাতেও ভুলেননি চ্যাম্পিয়ন স্পিনার, ‘খেলতে দিলে তো অবশ্যই আমরা চেন্নাইতে খেলব। চেন্নাই আমার কাছে দ্বিতীয় ঘরের মতো, আমার স্ত্রী মাধিমালার তো ওখানকারই। আমার জন্য বিষয়টি খুবই বিব্রতকর ও আবেগময়। আমরা রাজনীতির কিছু বুঝি না। শুধু ক্রিকেট খেলতে চাই ও মানুষকে বিনোদন দিতে চাই।’আইপিএলের টাকার হাতছানি উপেক্ষা করা মুশকিল। রানাতুঙ্গা তার পরও উত্তরসূরিদের বলছেন, আয়োজকদের একটা বার্তা পৌঁছে দিতে, ‘কোনো দেশের একটি ভেন্যুতে যদি খেলতে না দেওয়া হয়, শুধু টাকার কারণে কেন অন্য ভেন্যুগুলোতে খেলবে ওরা? ওই বড় অঙ্কের চেককে উপেক্ষা করা মুশকিল। কিন্তু কখনো কখনো অর্থের সঙ্গে আপস না করে মাথা তুলে দাঁড়ানো উচিত। জানি শ্রীলঙ্কান ক্রিকেটাররা এত বেশি টাকা পায় না নিজ দেশে, আইপিএলের হাতছানি তাই উপেক্ষা করা কঠিন। কিন্তু টুর্নামেন্ট বয়কট করে ওরা অন্তত একটা বার্তা দিতে পারে।’ ওয়েবসাইট।