ক্রিস মার্টিন মানে শূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাই মার্টিন, তোমার ব্যাটিংটা আজ খুব মিস করলাম!’‘হ্যাঁ, হ্যাঁ, আমিও খুব মিস করেছি। আজ ব্যাটিং করলে আমার সর্বোচ্চ টেস্ট স্কোরের রেকর্ডটা ভেঙে দিতাম।’হাসতে হাসতে ক্রিস মার্টিন হোটেলে ঢুকে যান। যাওয়ার আগে মনে করিয়ে দেন, ‘তোমাকে বলেছিলাম না, এই টেস্টে আমাকে ব্যাটিং করতে হবে না!’প্রথম দিন লাঞ্চের পর নিউজিল্যান্ড যখন ৫ উইকেটে ১৫৮—তখনো কি এমন মনে হয়েছিল? ক্রিস মার্টিন মুখ ঘুরিয়ে জিভে কামড় দেন। কামানো মাথা, লিকলিকে শরীর—নিউজিল্যান্ডের পেস বোলারকে অদ্ভুত দেখায়।হ্যাঁ, ক্রিস মার্টিন আসলেই বলেছিলেন। হ্যামিল্টন টেস্টের প্রথম দিন সকালে প্রেসবক্সের দিকে যাচ্ছি। দেখি, নিউজিল্যান্ড ড্রেসিংরুমের পেছনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন ক্রিস মার্টিন। ভদ্রলোকের সঙ্গে তাঁর ব্যাটিং নিয়ে আলাপ করার ইচ্ছাটা অনেক দিনের। সেই উদ্দেশ্য নিয়েই দাঁড়ালাম। এ ব্যাপারে স্পর্শকাতর কি না কে জানে, তাই এ কথা-ও কথা বলছি। খুবই মাই ডিয়ার টাইপ লোক। সাহস করে তাই বলেই বললাম, ‘আমি তোমার ব্যাটিং দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছি।’কিসের স্পর্শকাতর, মার্টিনের হাসি দেখে মনে হলো, তাঁরও প্রিয় আলোচনার বিষয় এটাই। ‘ব্যাটিং তো আমি ভালোই করি’—বলে হো হো করে হাসি, ‘আমার সর্বোচ্চ টেস্ট স্কোর কিন্তু বাংলাদেশের বিপক্ষেই। টুয়েলভ নট আউট।’২০০৮ সালে ডানেডিনের ওই টেস্ট কাভার করেছি। ২৪ মিনিট উইকেটে ছিলেন মার্টিন, পুরোটা সময় যেন আনন্দধারা বয়ে গেল মাঠজুড়ে। একটি রান করেন আর দর্শকেরা ফেটে পড়ে উল্লাসে। যত দূর মনে পড়ে, ১০ রান করার পর ব্যাটও তুলেছিলেন। তোলাই উচিত। ৩৬ নম্বর টেস্টে গিয়ে প্রথম দুই অঙ্কের স্কোর—উদযাপনের মতোই উপলক্ষ।প্রথম এবং একমাত্র দুই অঙ্কের স্কোর। এক ফটোগ্রাফার ওই ইনিংসে মার্টিনের ব্যাটিংয়ের একটা বড় ছবি তাঁকে উপহার দিয়েছেন। মার্টিন তথ্যটা জানিয়ে বললেন, ‘ছবিটা আমার ড্রয়িংরুমের দেয়ালে ঝুলিয়ে রেখেছি। ব্যাটিংয়ের ছবি তো আমার খুব একটা নেই।’থাকবে কীভাবে! ফটোগ্রাফার তা তোলার সুযোগ পেলে তো! হ্যামিল্টনে খেলছেন ৫৫তম টেস্ট। আগের ৫৪ টেস্টের ৭৭ ইনিংসে মোট রান মাত্র ৮৩। সবচেয়ে বেশি খ্যাতি গোল্লা মারায়। মার্টিনের সঙ্গে আড্ডা জমে যাওয়ায় ছুড়ে দিলাম আসল প্রশ্নটা, ‘কোর্টনি ওয়ালশের রেকর্ডটা কি ভাঙতে পারবে বলে মনে হয়?’ মার্টিন অবাক, ‘কেন, ভাঙিনি এখনো? ভেঙে ফেলেছি তো!’না, ওয়ালশ এখনো অনেক দূরে। ১৩২ টেস্টের ১৮৫ ইনিংসে ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারের ৪৩টা শূন্য। ক্রিস মার্টিনের মাত্র ২৭টা। ওয়ালশ আর মার্টিনের মাঝখানে আছেন আরও তিন জন—ম্যাকগ্রা (৩৫), ওয়ার্ন (৩৪) ও মুরালিধরন (৩৩)। তাঁর শূন্যের হিসাব মুখস্থ রেখেছি জেনে মার্টিন রীতিমতো মুগ্ধ, ‘ওয়ালশের ৪৩টা? হবেই তো, ও এক শর বেশি টেস্ট খেলেছে।’ তাঁর এত টেস্ট খেলা হবে না জানেন, ওয়ালশের রেকর্ডটা ভাঙতে পারবেন না বলে মার্টিনকে খুব দুঃখিতও দেখায়!‘সান্ত্বনা’ দিতে বললাম, ‘এক দিক থেকে রেকর্ডটা তোমারই। ওয়ালশের ১৮৫ ইনিংসে ৪৩টা—২৩.২৪ পার্সেন্ট ইনিংসে শূন্য। আর তোমার ৭৭ ইনিংসে ২৭টা, ৩৫ পার্সেন্ট ইনিংসেই শূন্য। ডাক মারার এই স্ট্রাইকরেট তো আর কারও নেই।’ মার্টিনের হাসি দেখে মনে হলো, আমার মতো শূন্যরসিকের দেখা পেয়ে রীতিমতো আপ্লুত।৭৭ ইনিংসের ৫০টিই আসলে শূন্য। ২৭ বার শূন্য রানে আউট হয়েছেন, ২৩ বার অপরাজিত। ৭৭ ইনিংসে ৪০ বার অপরাজিত—এটাও রেকর্ড কি না কে জানে! এত বার অপরাজিত থাকার পরও ব্যাটিং-গড় মাত্র ২.২৪। টেস্টে কমপক্ষে ৩০ ইনিংস খেলেছেন, এমন ব্যাটসম্যানদের (ব্যাটসম্যান?) মধ্যে গড়টা সর্বনিম্ন। ক্রিস মার্টিনের নিকটতম প্রতিদ্বন্দ্বীকেও আপনার খুব ভালো চেনার কথা। বাংলাদেশের বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম। ১৭ টেস্টের ৩৩ ইনিংসে যাঁর ব্যাটিং-গড় ৩.৬৮!একটা সময় প্রতি দলেই দু একজন মার্টিন-মঞ্জুরুলের দেখা মিলত। এখন তাঁরা বিরল প্রজাতি। ওয়ানডের পর টি-টোয়েন্টি এসে সবাইকেই যে একটু না-একটু ব্যাটিং শিখিয়ে ফেলছে! ব্যাটিংয়ের ‘অ-আ-ক-খ’ না জানা টেল এন্ডারদের উইকেটে হাবুডুবু খেতে দেখার আনন্দটাও ক্রিকেট থেকে তাই উধাও হয়ে যেতে বসেছে। আসুন, আমরা সবাই ক্রিস মার্টিনের ক্যারিয়ারের দীর্ঘায়ু কামনা করি!