ক্রিসিটোর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির একটি আদালত খারিজ করে দিয়েছেন ডোমেনিকো ক্রিসিটোর বিরুদ্ধে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগ। ব্যাপারটি ক্রিসিটোর জন্য যতটা না আনন্দের, তার চেয়ে অনেক বেশি ক্ষোভের অনুষঙ্গ হয়ে দেখা দিয়েছে। ইতালি ও জেনিতের এই লেফট ব্যাক দারুণ ক্ষুব্ধ, সুযোগ পেয়েও আজ্জুরিদের হয়ে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে না পারার জন্য।ইউরোয় ইতালি দলে সুযোগ হয়েছিল ডোমেনিকো ক্রিসিটোর। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার অল্প কিছুদিন আগে বিখ্যাত ‘স্কমেসোপোলি’ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ক্রিসিটোকে দল থেকে ছাঁটাই করা হয়। স্কমেসোপোলি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ইতালির ফুটবলের ইতিহাসের অন্যতম বৃহত্ ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির নাম। ক্রিসিটোর বিরুদ্ধে অভিযোগ, তিনি যখন জোনোয়াতে খেলতেন, তখন ম্যাচ পাতানোর ঘৃণ্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। আদালত অবশ্য ক্রিসিটোর বিরুদ্ধে আনা এই অভিযোগ খারিজ করে দিয়েছেন ‘যথাযথ প্রমাণের অভাবে’।সুবিশাল এই কেলেঙ্কারির হাত থেকে রেহাই পেয়ে হয়তো আকাশে ওড়ারই কথা ছিল ২৪ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডারের। কিন্তু ইতালির স্কাই ইতালিয়া টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্রিসিটো বলেছেন, ‘আমি জানি, আদালতের এই রায়ের পর আমার খুশিতে ফেটে পড়ার কথা, কিন্তু আমার মধ্যে এ নিয়ে এই মুহূর্তে মিশ্র এক অনুভূতি বিরাজ করছে। আমার বিরুদ্ধে এত বড় কলঙ্কের অভিযোগ আনা হলো অথচ দেখুন, আমি নির্দোষ। মাঝখান দিয়ে খেলা হলো না ইউরো চ্যাম্পিয়নশিপের মতো এত বড় একটা আসরে। এ অবস্থায় কে ক্ষুব্ধ হবে না, বলুন ।’ক্রিসিটো বলেন, ‘আমি কি এ অবস্থায় ক্ষতিপূরণ চাইব? কিন্তু ক্ষতিপূরণ চাওয়ার কোনো সুযোগ নেই। আমার ক্যারিয়ারের এত বড় একটা ক্ষতি হয়ে গেল মিথ্যা এক অভিযোগের কারণে, এ ক্ষতি সত্যিই অপূরণীয়।’আপাতত জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার কোনো সুযোগ নেই ক্রিসিটোর। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির স্কোয়াডে নেই ক্রিসিটোর নাম। তবে ক্রিসিটো আত্মবিশ্বাসী যে তিনি দলে ফিরবেন এবং জাতীয় দলের হয়ে ২০১৪ সালের বিশ্বকাপটা খেলবেন। ওয়েবসাইট।