ক্রিস্টালকে তুললেন ‘বুড়ো’ ফিলিপস
এ বছরের শুরুতে ব্ল্যাকপুল থেকে ধারে খেলতে এসেছিলেন ক্রিস্টাল প্যালেসে। ১৪ ম্যাচে একটা হ্যাটট্রিকসহ ৬ গোল। কেভিন ফিলিপস বুঝিয়েছেন তাঁকে এনে খুব একটা ভুল করেনি প্যালেস। তবে এর মধ্যে সর্বশেষ গোলটা তাঁর নিজের কাছে যেমন স্মরণীয় হয়ে থাকবে, তেমনি সেটি এখনকার বিশেষ ক্লাবের জন্যও অমূল্য বলে বিবেচিত হবে। পরশু রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে ফিলিপসের করা ওই একমাত্র গোলে ওয়াটফোর্ডকে হারিয়েই আট বছর পর প্রিমিয়ার লিগে উঠে এসেছে ক্রিস্টাল প্যালেস। আগেই প্রিমিয়ার লিগ নিশ্চিত করা কার্ডিফ সিটি আর হাল সিটির সঙ্গী এখন তারাও। ক্লাবকে স্মরণীয় এই জয়ে এনে দেওয়ার পাশাপাশি এই গোলের মাধ্যমে ফিলিপস নিজেও গড়েছেন দারুণ এক রেকর্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে ওয়ার্টফোর্ডের বিপক্ষে গোলটা করার সময় তাঁর বয়স ছিল ৩৯ বছর ৩০৫ দিন। ক্রিস্টাল প্যালেসের হয়ে এর চেয়ে বেশি বয়সে গোল করেননি আর কেউ! রয়টার্স।