ক্রিস্টিয়ান কাল একদিক থেকে ইতিহাসও গড়ে ফেললেন, ওয়ানডে হ্যাটট্রিক করা একমাত্র বোলার, যিনি আসলে ‘খাঁটি’ বোলার নন!
ক্রিস্টিয়ানের হ্যাটট্রিক-চমক
ড্যানিয়েল ক্রিস্টিয়ান হয়তো চমকে দিয়েছেন নিজেকেও। ‘মিনি অলরাউন্ডার’ পরিচয়টা কাটিয়ে ওঠার প্রাণান্ত চেষ্টা করছেন। কিন্তু হ্যাটট্রিক করে বসবেন, এতটা কি ভাবতে পেরেছিলেন?বলতে পারেন, বোলার যখন, হ্যাটট্রিকের স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু ক্রিস্টিয়ানকে বোলার বলা যাবে না, শুধু বোলিং দিয়ে যে দলে ঢুকতে পারবেন না! শুধু ব্যাটিং দিয়েও নয়। তবে দুটো একসঙ্গে মেলালে ওয়ানডে বা টি-টোয়েন্টির বেশ আকর্ষণীয় একটা প্যাকেজ হয়। এ জন্যই তিনি দলে এবং সিবি সিরিজটা খেললেন নিয়মিতই। কাল একদিক থেকে ইতিহাসও গড়ে ফেললেন, ওয়ানডে হ্যাটট্রিক করা একমাত্র বোলার, যিনি আসলে ‘খাঁটি’ বোলার নন!এখন অবশ্য এটা বললে আপত্তি করতেই পারেন ক্রিস্টিয়ান। কাল হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন, চলতি সিবি সিরিজে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১৩ উইকেট তাঁর। মাইকেল ক্লার্ক বাইরে না থাকলে হয়তো গতকালের ম্যাচ খেলাই হতো না। শেন ওয়াটসন ফিরেছেন, দলে জায়গা কোথায়! এখন গতকাল এমন কীর্তি গড়ে আগামীকালের প্রথম ফাইনালে দল সাজানো নিয়ে ভালো ঝামেলাতেই ফেলে দিলেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার। হ্যাটট্রিকের প্রথমটিতে অসাধারণ ক্যাচ নিলেন মাইক হাসি। শেষটি এল আম্পায়ারের ভুলে এলবিডব্লু। তবে সেটা নিয়ে ভাববেন কেন ক্রিস্টিয়ান, রেকর্ড বুকে তো আর এটা লেখা থাকবে না!নিউ সাউথ ওয়েলসের আদিবাসী উইরাদজুরি গোত্রে জন্ম ক্রিস্টিয়ানের, ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছিলেন ব্লুজদের হয়েই। নিয়মিত সুযোগ না পেয়ে চলে আসেন সাউথ অস্ট্রেলিয়ায়। সীমিত ওভারের ক্রিকেটে কার্যকরী অলরাউন্ডার হিসেবে একটু একটু করে জায়গা করে নিতে থাকেন। সত্যিকার অর্থে প্রথম নজর কাড়েন গত বছরের জানুয়ারিতে, যখন আইপিএলের নিলামে তাঁকে ৯ লাখ ডলারে কিনে নেয় ডেকান চার্জার্স। বরাবরই স্বপ্ন তাঁর টেস্ট খেলা। কিন্তু টেস্ট খেলতে হলে তো অন্তত কোনো একটায় বিশেষজ্ঞ হতে হবে! ‘মিনি অলরাউন্ডার’ তকমাটা ঝেড়ে ফেলতে তাই মরিয়া হয়ে উঠছিলেন। কঠোর পরিশ্রম করলেন, ফলও পেতে থাকলেন। চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডের শুরুতেই দুটি সেঞ্চুরি করলেন, পাঁচ ম্যাচ শেষে রান সংগ্রহে ছিলেন সবার ওপরে। বোলিং তো ছিলই। গত ডিসেম্বরে দ্বিতীয় অস্ট্রেলিয়ান আদিবাসী (প্রথমজন জেসন গিলেস্পি) হিসেবে টেস্ট খেলার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। শেষ মুহূর্তে ব্যাগি গ্রিন মাথায় ওঠেনি। তবে ওই ফর্ম জায়গা করে দিয়েছে ওয়ানডে দলে। শেফিল্ড শিল্ডের ফর্ম বলছিল, ক্রিস্টিয়ান অবশেষে ব্যাটিং অলরাউন্ডার হয়ে উঠছেন। সিবি সিরিজের পারফরম্যান্স আবার বলছে, ক্রিস্টিয়ান বোলিং অলরাউন্ডার। তার মানে তো এটাই, ক্রিস্টিয়ান হয়ে উঠছেন সত্যিকারের অলরাউন্ডার!