ক্রীড়া-অজ্ঞ ক্রীড়ামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্নের উত্তর খুঁজছেন হেলেন গ্রান্ট
প্রশ্নের উত্তর খুঁজছেন হেলেন গ্রান্ট

প্রশ্ন করা সহজ, কিন্তু উত্তর দেওয়া কঠিনই বটে। সাত বছরের বালক প্রশ্ন করে আটকে ফেলতে পারে যেকোনো বিজ্ঞ-বর্ষীয়ানকে। ব্রিটিশ ক্রীড়ামন্ত্রী হেলেন গ্রান্টের ক্ষেত্রে নিশ্চয় এমনটা ঘটেনি। তবে তাঁর ক্রীড়া-সম্পর্কিত জ্ঞানের দৌড় দেখে আপনার চোখ কপালে উঠতেই পারে!
হয়েছে কী, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের আইটিভির এক স্পোর্টস কুইজে অংশ নেন ব্রিটিশ ক্রীড়ামন্ত্রী। তাঁকে খেলাধুলা-সম্পর্কিত পাঁচটি প্রশ্ন করা হয়। ফলাফল—ইয়া বড় আন্ডা! একটি প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেননি গ্রান্ট। বিষয়টি বেশ হাস্যরস সৃষ্টি করেছে দেশটির ক্রীড়াঙ্গনে।
বেমক্কা প্রশ্নে তাঁকে আটকে ফেলেছে; তা-ও কিন্তু নয়। প্রশ্নগুলো ছিল খুব সহজ। যেমন—এ বছর উইম্বলডনের মহিলা একক কে জিতেছেন? কিছুক্ষণ হাতড়ে জবাব দিলেন, ‘উমমম... তিনি আমাদের দেশের নন। তবে আমি জানি অ্যান্ডি মারে এ শিরোপা জিতেছিল। যেটি আমাদের জন্য খুবই আনন্দদায়ক।’ প্রশ্ন ছিল কী আর উত্তর দিলেন কী! আসলে সঠিক উত্তর—মারিওন বারতোলি।
পরের প্রশ্নটি অরো জলবত তরলং। বর্তমান এফএ কাপ জয়ী কোন দল? প্রশ্ন শুনে যেন অকূল পাথারে পড়লেন ব্রিটিশ মন্ত্রী। তাঁর তথ্য কর্মকর্তাকে বললেন, ‘একটু সাহয্য কর!’ এরপর যে উত্তরটি দিলেন তাতে মুখ টিপে হাসতে হবে। বললেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড; কেননা এটি আমার প্রিয় ক্লাব।’ প্রশ্নের সঠিক উত্তর—উইগ্যান অ্যাথলেটিক।
পরের তিনটি প্রশ্ন ছিল এমন—ইংল্যান্ড রাগবি ইউনিয়নের অধিনায়ক কে? কোন বছরে মেইডস্টোন ইউনাইটেড ফুটবল লীগ ত্যাগ করে?  কোন প্যারা অলিম্পিয়ান লন্ডন ২০১২-এ সবচেয়ে বেশি পদক পেয়েছেন? বলাই বাহুল্য, একটি প্রশ্নেরও যথাযথ উত্তর দিতে পারেননি এ ব্রিটিশ নারী ক্রীড়ামন্ত্রী। তবে তিনি বলেছেন, ‘যদি জানতাম, ভালোভাবে রিভিশন দিয়ে আসতাম।’ এরপর কোনো টিভি অনুষ্ঠানে এলে হয়তো মাথাটা ভালো করে ঝালাই করেই আসবেন গ্রান্ট।