ক্রীড়া উন্নয়ন পরিষদের 'অরাজনৈতিক' অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত ক্রীড়া পরিবার নামে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি সংগঠন আছে অনেক দিন থেকেই। কয়েক দিন আগে মোসাদ্দেক আলীকে সভাপতি ও মোস্তাকুর রহমানকে মহাসচিব করে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ নামে আরেকটি সংগঠনের। মূলত আওয়ামীপন্থী ক্রীড়া সংগঠকদের ভিড়ের কারণে সম্মিলিত ক্রীড়া পরিবারের যেমন একটা রাজনৈতিক পরিচয় দাঁড়িয়ে গেছে, ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্যদের প্রায় সবাই বিএনপি ঘরানার বলে এটিরও এমন একটা পরিচয় খুঁজে নিচ্ছেন অনেকে। সেটিই স্বাভাবিক, কারণ বিএনপির বড় বড় নেতা এবং সাবেক মন্ত্রীরাও আছেন এখানে।

তবে কাল দুপুরে রাজধানীর একটি হোটেলে পরিচিতিমূলক অনুষ্ঠানে ক্রীড়া উন্নয়ন পরিষদের নেতাদের কণ্ঠে খেলার সঙ্গে রাজনীতিকে না মেশানোর অঙ্গীকারই শোনা গেল। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকা বললেন, ‘ক্রীড়া উন্নয়ন করতে হলে রাজনীতির বাইরে থেকে কাজ করতে হবে। আমি আশা করি, বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ রাজনীতিনির্ভর হবে না।’ আরেক সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান ‘ক্রীড়াঙ্গনে রাজনীতি’র ভিন্ন একটা ব্যাখ্যা দিলেন, ‘খেলাধুলায় রাজনীতি থাকবে। তবে তা হবে ক্রীড়া উন্নয়নের জন্য।’ ১৯৯১ সালে বিএনপি সরকারের প্রথম ক্রীড়া প্রতিমন্ত্রী মির্জা আব্বাস বলেন, ‘আমাদের যাঁরা কৃতী খেলোয়াড় রয়েছেন, তাঁরা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকেন, এটাই আশা করব।’ মোসাদ্দেক আলী সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই সংগঠন যেন ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করে যায়। ক্রীড়ার নিয়ন্ত্রণ না করে।’  ক্রীড়াঙ্গনের ব্যক্তি ছাড়া অন্য কেউ এই সংগঠনে থাকলে তিনি সভাপতি থাকবেন না বলেও ঘোষণা দেন।

পরিচিতি সভায় এ ছাড়া বক্তৃতা করেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সভাপতি মেজর (অব.) হাফিজউদ্দিন, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বিসিবির সাবেক সভাপতি আলী আজগর লবী, সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও সাইদ হাছান কানন, জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার লে. কর্নেল (অব.) আবদুল লতিফ খান, মোস্তাকুর রহমান প্রমুখ।