ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ মূসা আর নেই
বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার ও সাংবাদিক মোহাম্মদ মূসা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল দিবাগত রাত দুইটা ৪৫ মিনিটে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মোহাম্মদ মূসা বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সম্মাননা পাওয়া একজন সদস্য। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছিলেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক।সাংবাদিকতার পাশাপাশি মোহাম্মদ মূসা ছিলেন একজন জনপ্রিয় ধারাভাষ্যকার। বেশির ভাগ সময় তিনি বেতারে ধারাভাষ্য দিতেন। ঢাকার মাঠের অনেক কালজয়ী খেলার বর্ণনা তিনি নিজ কণ্ঠে বেতারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন ইথারে।মোহাম্মদ মূসার পারিবারিক সূত্র জানায়, গতকালও সন্ধ্যা পর্যন্ত তিনি তাঁর কর্মস্থল দৈনিক ইনকিলাবে অবস্থান করেছেন। অফিস শেষে তিনি তাঁর অসুস্থ মাকে দেখতে যান। সেখানেই তিনি রাতে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ মূসার মৃত্যুতে শোকাভিভূত গোটা ক্রীড়াঙ্গন।