ক্রীড়া সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির সংবাদ সম্মেলনে চার সাংবাদিকের প্রবেশে বাধা দেওয়া ও সাংবাদিকদের নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসানের অসৌজন্যমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন—বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ), বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)। ভিন্ন ভিন্ন বিবৃতিতে তিন সংগঠনই সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে বিসিবির প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টার তীব্র সমালোচনা করেছে।

গত পরশু বিসিবির সভাপতি নাজমুল হাসানের ব্যক্তিগত কর্মস্থল বেক্সিমকো ফার্মার কার্যালয়ে অনুষ্ঠিত বিসিবির সংবাদ সম্মেলনে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি প্রথম আলো, ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম ও সময় টেলিভিশনের প্রতিনিধিদের। ভেতরে থাকা অন্য সাংবাদিকদের প্রতিবাদের মুখে পরে ওই চার সাংবাদিককে ভেতরে যেতে দেওয়া হয়। এরপরও সাংবাদিকদের নিয়ে বিসিবির সভাপতির বিষোদ্‌গার থামেনি। কর্মকর্তাদের বক্তব্যের ভুল ব্যাখ্যা ও নেতিবাচক সংবাদে বাংলাদেশের ক্রিকেটের বড় ক্ষতি হয়ে যাওয়ার অনেক উদাহরণ আছে—এমনটাই মনে করেন নাজমুল হাসান। সে জন্য এখন থেকে বিসিবির সব সংবাদ সম্মেলন আমন্ত্রণমূলক হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হবে বাছাই করে।

বোর্ড সভাপতির এমন বক্তব্য ও সাংবাদিকদের সঙ্গে বিসিবির সাম্প্রতিক আচরণকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী ও অবাধ তথ্যপ্রবাহে বাধা বলে মনে করে বিএসজেএ, বিএসপিএ ও বিএসজেসি। কারণ, সংবাদ সম্মেলনে প্রতিনিধি পাঠানোর অধিকার সব সংবাদমাধ্যমেরই আছে।

সাম্প্রতিক সময়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেওয়া বাড়তি নিরাপত্তাব্যবস্থার কারণে বিসিবির কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবু পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকেরা শুরু থেকেই এ ব্যাপারে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখাবেন। কিন্তু নিরাপত্তার নামে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি করেছে, এমন ‘ভুল ব্যাখ্যা’ ও ‘নেতিবাচক সংবাদ’ সম্পর্কেও বিসিবির সভাপতির ব্যাখ্যা দাবি করেছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলো।

বাংলাদেশের ক্রিকেটের উন্নতির পেছনে এ দেশের সংবাদমাধ্যমের অবদানের কথা ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত। ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি থেকে শুরু করে দুঃসময়েও খেলাটির পাশে ছিল সংবাদমাধ্যম। কিন্তু নেতিবাচক কিছু দেখলে সেটার সমালোচনা করাও সংবাদমাধ্যমের কাজ। বিসিবির সভাপতির যেন এই জায়গাতেই যত আপত্তি! বাংলাদেশের ক্রিকেটে সংবাদমাধ্যমের অবদানের কথা তাই শুধু মুখেই স্বীকার করেন তিনি, আচরণে প্রমাণ কমই দেন।