ক্রীড়া অস্কারে মেসির নাম
ব্যক্তিগত অর্জনের মুকুটে তাঁর অনেক পালক। কিন্তু এখনো বড় একটা অর্জন বাকি—লরিয়াস পুরস্কার পাওয়া হয়নি লিওনেল মেসির। ক্রীড়াঙ্গনের অস্কারখ্যাত এই পুরস্কার এবার পেয়েও যেতে পারেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। ২০১২ লরিয়াস ক্রীড়া পুরস্কারের মনোনীত তালিকায় আছে তাঁর নাম। তবে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন টেনিসের ২০১১ সালটাকে নিজের করে নেওয়া নোভাক জোকোভিচও।আগামী ফেব্রুয়ারিতে লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। এর আগে ঘোষণা করা হলো মনোনয়ন তালিকা। সংক্ষিপ্ত তালিকায় মেসি-জোকোভিচের পাশাপাশি আছেন এফ-ওয়ান রেসার সেবাস্তিয়ান ভেটেল, গতিসম্রাট উসাইন বোল্ট, দুই ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুক ও জোনাথন ট্রট, জার্মান বাস্কেটবল খেলোয়াড় ডির্ক নোউইজকি, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেরিক রোজ, সাইক্লিস্ট মার্ক ক্যাভেন্ডিশ, ইংলিশ গলফার লুক ডোনাল্ড, জার্মান ডিসকাস থ্রোয়ার রবার্ট হার্টিং ও কেনিয়ান দৌড়বিদ প্যাট্রিক ম্যাকাও।গত বছর লরিয়াস জিতেছিলেন রাফায়েল নাদাল। ২০০০ সাল থেকে চালু এই পুরস্কার রেকর্ড টানা চারবার জিতেছেন নাদালের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার। ওয়েবসাইট।