ক্রীড়া আদালতে প্লাতিনির আপিল
নিষেধাজ্ঞা আট থেকে কমে ছয় বছর হয়েছে। তবে তাতেও সন্তুষ্ট নন উয়েফার নিষিদ্ধ সভাপতি মিশেল প্লাতিনি। আগেই জানিয়েছিলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে দরকার হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস) পর্যন্ত যাবেন। কাল সিএএস নিশ্চিত করেছেন, প্লাতিনির আপিলের কাগজপত্র তাঁরা পেয়েছেন।
২০১১ সালে তখনকার উয়েফা সভাপতি প্লাতিনিকে ২০ লাখ ডলার দিয়েছিলেন সাবেক ফিফা সভাপতি ব্ল্যাটার। ফিফা নৈতিকতা কমিটির তদন্তে ওই লেনদেনটি ‘অবৈধ’ প্রমাণিত হয়েছে। এ অভিযোগে গত ডিসেম্বরে নৈতিকতা কমিটি এই দুই ফুটবল প্রশাসককে ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে ফিফার আপিল কমিটির রায়ে সেটি কমে দাঁড়িয়েছে ছয় বছরে। নিষেধাজ্ঞার কারণে ফিফা সভাপতি পদে শেষ পর্যন্ত নির্বাচনই করতে পারেননি প্লাতিনি। ফ্রান্সের ফুটবল কিংবদন্তি তখনই জানিয়েছিলেন, ‘নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব।’
কাল সিএএস এক বিবৃতিতে বলেছেন, ‘প্লাতিনির আপিল অনুযায়ী সিএএস শুনানির প্রস্তুতি নিচ্ছেন।’ তবে সেই শুনানি কবে হবে, তা পরে জানাবেন সিএএস।
ধারণা করা হচ্ছে, প্লাতিনির পথ ধরে ব্ল্যাটারও আপিল করবেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। গোলডটকম।