ক্রীড়া উপমন্ত্রীর প্রতিশ্রুতি
খেলাধুলায় চট্টগ্রামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করতে চান নবনিযুক্ত যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। গতকাল বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় আরিফ খান বলেন, ‘চট্টগ্রাম শুধু বাণিজ্যিক রাজধানী হিসেবে নয়, ক্রীড়াঙ্গনের চারণভূমি হিসেবেও পরিচিত হতে পারে।’ দেশের বিভিন্ন খেলাধুলায় চট্টগ্রামের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর জন্য নিজের পরিকল্পনার কথাও জানান উপমন্ত্রী, ‘চট্টগ্রাম মহানগরকে চার ভাগে ভাগ করে চারটি বড় মাঠ তৈরি করা হবে। এ জন্য ক্রীড়া সংগঠক থেকে শুরু করে সবার সহযোগিতা প্রয়োজন।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের ফ্লাডলাইট উন্নতকরণ, মাঠ সংস্কারসহ বিভিন্ন প্রস্তুতি এগিয়ে চলছে বলেও জানান মন্ত্রী।
মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগ নেতা দিদারুল আলম চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, শাহজাদা আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন আরিফ খান। চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নে সিটি করপোরেশনের সহযোগিতা চান তিনি। বিশেষ করে মাঠসমস্যা সমাধানের জন্য করপোরেশনের কাছ থেকে ছোট-বড় মাঠের একটি তালিকা চেয়েছেন তরুণ এই মন্ত্রী।