ক্রীড়া কমপ্লেক্সের জন্য জমি চায় এনএসসি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নামে দেশে একটি অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস।এনএসসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমান কাল জানালেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন কমপ্লেক্স হোক। এ ব্যাপারে প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। মাওয়ার কাছে আমরা অন্তত এক শ একর জমি চাই। এর বেশিও লাগতে পারে। জমি ঠিক করে দিতে হবে ভূমি মন্ত্রণালয়কে। ভূমি মন্ত্রণালয়কে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।’জমি পাওয়া গেলে কার্যাদেশ দেওয়ার জন্য দরপত্র চাওয়া হবে। নকশা, বাজেট তখনই ঠিক হওয়ার কথা। কমপ্লেক্সের সম্ভাব্য একটা রূপরেখা দিলেন রহমান, ‘বিশ্বের অন্যতম নন্দিত একটা ক্রীড়া কমপ্লেক্স হবে এটি। আবাসনসহ সব খেলারই ব্যবস্থা থাকবে।’