ক্রীড়া জুয়া ঠেকাতে গোয়েন্দা সংস্থা!
লন্ডন পুলিশের দক্ষতার খ্যাতি দুনিয়া জোড়া। কিন্তু একের পর এক ফিক্সিংয়ের ঘটনা আলোয় আসার পর বোঝা যাচ্ছে লন্ডন পুলিশের চোখে ধুলো দিয়ে নিজেদের কাজ ঠিকই করে যাচ্ছে অন্ধকার জগতের বাসিন্দারা। সাম্প্রতিক ঘটনাবলি ভালোই নাড়া দিয়েছে ব্রিটিশ সরকারকে। ক্রীড়া জুয়ায় জড়িত আন্তর্জাতিক অপরাধী আর খেলোয়াড়দের ধরতে তাই আলাদা একটা গোয়েন্দা সংস্থা খোলার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। ‘স্পোর্টস বেটিং’ নিয়ে গবেষণা করে ফুটবল ক্লাব লিভারপুলের সাবেক প্রধান নির্বাহী রিক পেরি একটি স্বতন্ত্র গোয়েন্দা সংস্থার সুপারিশ করেছিলেন। সেই সুপারিশই মানতে যাচ্ছে সরকার। ক্রীড়া ও অলিম্পিক মন্ত্রী হিউ রবার্টসন বলেছেন, ‘স্পোর্টস বেটিং গোয়েন্দা সংস্থা ম্যাচ পাতানো ও অবৈধ জুয়া নিয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে। ফিক্সিং এমন একটা ক্যানসার, যা খেলাটার শুদ্ধতা ধ্বংস করে ফেলছে। আমরা এর শেকড় উপড়ে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ।’ অবৈধ জুয়া বন্ধ করতে অন্য দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করতে চায় ইংল্যান্ড। কমনওয়েলথ গেমসের সময় কমনওয়েলথ ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে বিষয়টিকে আলোচ্যসূচির ওপরের দিকেও রাখা হবে বলে জানিয়েছেন রবার্টসন। ওয়েবসাইট।