ক্রীড়া পরিবারের আরেকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির দাদা আবদুল হামিদ ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। বাংলাদেশের হ্যান্ডবলের বিকাশকালের কান্ডারি। দাদি দাবার আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ—বাংলাদেশের নারী খেলোয়াড়দের ‘আইকন’। চাচা কায়সার হামিদ সাবেক তারকা ফুটবলার। আরেক চাচা সোহেল হামিদ স্কোয়াশ খেলতেন। বাবা ববি হামিদ ও মা তানিয়া হামিদও ছিলেন হ্যান্ডবল খেলোয়াড়। মামা জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন। খেলোয়াড়ি রক্ত মিশে আছে যার শরীরে, সেই মেয়ে কি খেলাধুলা ছাড়া বাঁচে?এবারের পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলে দাপটের সঙ্গেই খেলছে স্কলাস্টিকার কিশোরী সামাহা হামিদ। নবম শ্রেণীর ছাত্রীর খেলাধুলায় হাতেখড়ি ছোটবেলাতেই। বাড়ির সামনে মাঠে বাবার সঙ্গে হ্যান্ডবল খেলত। প্রশিক্ষণও বাবার কাছে। স্কুলের হ্যান্ডবল দলে খেলছে দুই বছর ধরে। গতবার স্কুল টুর্নামেন্টে অভিষেকেই টুর্নামেন্ট সেরা, যথারীতি চ্যাম্পিয়ন তার স্কুল স্কলাস্টিকা। এবারও স্কলাস্টিকা সেমিফাইনালে উঠেছে। দলকে এবারও চ্যাম্পিয়ন করার প্রত্যাশা সামাহার, ‘আশা করি, এবারও চ্যাম্পিয়ন হতে পারব।’ শুধু হ্যান্ডবলই নয়, চলমান প্লান বাংলাদেশ মহিলা স্কুল ফুটবলেও খেলছে মিডফিল্ডার হিসেবে। স্কুলের ঠাসা সূচির সঙ্গে মানিয়ে খেলার সময় বের করা সামাহার জন্য একটু কষ্টই হয়ে যায়। তবুও খেলাকে ভালোবেসেই মেনে নেয় এই কষ্ট, ‘একটু তো সমস্যা হয়ই। পড়ার ফাঁকে ফাঁকেই সময় বের করে অনুশীলন করি। আর এসব ব্যাপারে স্কুলও বেশ সহায়তা করে।’ বাঙালি ঘরের আর আট-দশটা মেয়ের মতোই কি এক সময় হারিয়ে যাবে সামাহা? বাবা ববি হামিদের উত্তর, ‘অবশ্যই আমরা ওর পড়াশোনাটাকে আগে প্রাধান্য দেব। তবে খেলাটাও যদি ও চালিয়ে যেতে চায় আমাদের আপত্তি নেই।’ সামাহা অবশ্য স্বপ্ন দেখে জাতীয় দলে খেলার, ‘পড়াশোনার পাশাপাশি যত দিন পারি খেলব। ও লেভেল পরীক্ষার পর কী হবে জানি না। তবে ইচ্ছা তো আছে, এক দিন জাতীয় দলে খেলব।’