ক্রীড়া পুরস্কারজয়ীদের মিলনমেলা
ইফতার প্রায় শেষ। হন্তদন্ত হয়ে মোহামেডানের সম্মেলনকক্ষে ঢুকলেন সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন (লিপু)। তাঁকে দেখে চিৎকার দিয়ে উঠলেন টেবিল টেনিসে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া খেলোয়াড় সাইদুল হক (সাদী), ‘লিপু, তুমি এত দেরি করে এলে!’ শুধু সাদীই নন, হল রুমটার সবাই যেন কারও না-কারও প্রতীক্ষায় ছিলেন। স্বাধীন বাংলা ফুটবল দলের আয়োজনে কাল মোহামেডান ক্লাবে হয়ে গেল ইফতার অনুষ্ঠান। অতিথিরা সবাই জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক।ইফতারের আড়ালে এ যেন ক্রীড়া পুরস্কার পাওয়া খেলোয়াড় ও সংগঠকদের মিলনমেলা। এসেছিলেন ক্রিকেট কোচ সৈয়দ আলতাফ হোসেন, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, সাবেক হকি খেলোয়াড় বশির আহমেদ ও আবদুস সাদেক, ফুটবলার নুরুন্নবী চৌধুরী, কায়কোবাদ, মনজুর হাসান মিন্টু, সাবেক অ্যাথলেট শাহ আলম, টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু, শ্যুটার আসিফ হোসেন, সাঁতারের লায়লা নূর, বক্সিংয়ের আবদুল হালিম, জুডোর নয়না চৌধুরীসহ অনেকেই। এ পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন ১৯৭ জন খেলোয়াড় ও কর্মকর্তা। তাঁদের ৫১ জন মারা গেছেন। পাঁচজন আছেন দেশের বাইরে। বাকিদের মধ্যে ৬০ জন এসেছিলেন এই ইফতার অনুষ্ঠানে। এমন একটি আয়োজন করতে পেরে খুবই খুশি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, ‘সবাইকে এভাবে এক ছাতার নিচে আনতে পেরে আমার খুবই ভালো লাগছে।’ আসিফ হোসেনের কথা, ‘আমরা যাঁরা ক্রীড়া পুরস্কার পেয়েছি তাঁদের পক্ষ থেকেই স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মাননা জানানো উচিত। তারা দেশের জন্য অনেক কিছু করেছে। কিন্তু তারাই আমাদের ডেকে এনে এভাবে সম্মানিত করে প্রমাণ করলেন স্বাধীন বাংলা ফুটবল দল সত্যিই অনেক বড়।’ জোবেরা রহমান লিনুর এখনকার চাওয়াটা অন্য রকম, ‘আমি এসেছি পুরস্কার পাওয়া খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে। এই ক্রীড়াঙ্গনই আমার জায়গা। অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে আমি যাই না। আমাদের একটাই চাওয়া, সরকার যেন একটা পরিচয়পত্র দেন আমাদের।’ সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ১৯৭৯ সালে ক্রীড়া পুরস্কার পেয়েছিলেন সংগঠক হিসেবে। কাল এই অনুষ্ঠানে এসে বললেন, ‘আমরা কেউই স্বাধীন বাংলা ফুটবল দলকে যোগ্য সম্মান দিতে পারিনি। দেরিতে হলেও এঁদের সেই সম্মান দেওয়া উচিত।’