ক্রীড়া পুরস্কারের আনন্দ বিকেল
ফতুল্লা স্টেডিয়ামে দলের ম্যাচ চলছিল। তাই বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ক্রীড়া পুরস্কার নিতে আসতে পারেননি তাঁঁরা দুজন—গত দুই বছরের বর্ষসেরা সাকিব আল হাসান ও ২০০৮ সালের বর্ষসেরা ক্রিকেটার তামিম ইকবাল।জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে গত তিন বছরের ২৩ জন খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষককে পুরস্কৃত করা হয়েছে কাল বিকেলে। এবার সাকিবের সঙ্গে যৌথভাবে মহসিন ট্রফি পাওয়া গলফার সিদ্দিকুর রহমানও খেলা নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারেননি। তবে মোহাম্মদ আশরাফুল এসেছিলেন এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম সোনাজয়ী ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দলের পক্ষ থেকে বিশেষ সম্মাননা নিতে। ২০০৮ সালে আজীবন সম্মাননা পাওয়া বশির আহমেদ, ২০০৯ সালের সেরা সংগঠক কাজী সালাউদ্দিন, ২০০৮ সালের সেরা সংগঠক মাহবুব আনাম, গাজী গোলাম দস্তগীরের সঙ্গে গত বছর সেরা সংগঠকের পুরস্কার পাওয়া আসাদুজ্জামান কোহিনূর, ২০০৯ সালের সেরা কোচ মারুফুল হক, গত বছরের সাফল্যের জন্য শ্যুটার শারমিন আক্তার (রত্না) প্রমুখ পুরস্কার নেন প্রধান অতিথি হুসেইন মুহম্মদ এরশাদের হাত থেকে।সাবেক রাষ্ট্রপতি ক্রীড়াঙ্গনে তাঁর অনেক অবদান এবং কৃতিত্ব দাবি করেন নিজের বক্তব্যে। বলেছেন, ‘আমিও একজন ক্রীড়াবিদ ছিলাম। সৈনিক থেকে রাষ্ট্রপতি নয়, ক্রীড়াবিদ থেকে রাষ্ট্রপতি হয়েছিলাম।’ বিকেএসপি, মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করার পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান থাকার সময় ক্রীড়ার উন্নয়নে কাজ করার কথা স্মরণ করেছেন এরশাদ।সমিতির সভাপতি রেজাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আরিফ সোহেল। ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের অনেকেই উপস্থিত ছিলেন ক্রীড়া পুরস্কারের এই আনন্দ বিকেলে।