ক্রীড়া প্রতিমন্ত্রীর ৭ ঘণ্টার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা। মাঝখানে দুপুরের খাবারের বিরতি দিয়ে টানা আলোচনা। দীর্ঘ সাত ঘণ্টা পর ম্যারাথন সভার ইতি টানলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। আর সবাই ক্লান্ত হয়ে পড়লেও প্রতিমন্ত্রীর ক্লান্তি ছিল না।সারা দিন নিজে নোট নিয়ে সভার প্রস্তাবগুলোও পড়ে শোনালেন প্রতিমন্ত্রী, ‘মতবিনিময় সভায় প্রস্তাব এসেছে ক্রীড়া উৎসব করার, কেউ বলেছেন ক্রীড়া সপ্তাহ হোক। এভাবে ক্রীড়া দিবস, ক্রীড়া পরিষদের আইন সংশোধন, ক্রীড়ানীতি বাস্তবায়ন, বাংলাদেশ গেমস আয়োজন, ক্রীড়াবিদ-সংগঠকদের জন্য সম্মানী ভাতা, স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ, শুল্কমুক্ত ক্রীড়া সরঞ্জাম, এনএসসির নির্বাহী কমিটিতেও পরিবর্তন চেয়েছেন আলোচকেরা।’‘ক্রীড়াক্ষেত্রে অধিকতর উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা’—ক্রীড়া পরিষদ টাওয়ারে কাল এই ব্যানারেই হলো দিনভর আলোচনা। ৪১টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদক অথবা মনোনীত প্রতিনিধিরা সেখানে তুলে ধরলেন বিভিন্ন দাবি-দাওয়া। প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে শোনার পর দিন শেষে আশ্বাস দিলেন এসব নিয়ে কাজ করার।দেশের ক্রীড়া উন্নয়নে কী করা উচিত, কোনো ফেডারেশনের চাহিদা কী—এ নিয়ে অতীতে এমন মতবিনিময় বহুবার হয়েছে। কিন্তু পরে এর ধারাবাহিকতা থাকেনি বলে বেশির ভাগ আলোচকই উচ্ছ্বসিত না হয়ে ‘দেখি কী হয়’ জাতীয় মনোভাবই ব্যক্ত করেছেন।ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান যেমন বলছিলেন, ‘গত মাসে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন ফোরামের সঙ্গে মন্ত্রী মহোদয় মতিবিনিময় করেছেন। এ মাসের ২০ তারিখ এনএসসির সাধারণ সভা হওয়ার কথা। কিন্তু সেই সভার কোনো আলাপই শুনছি না। কথা দিয়ে কথা না রাখার সংস্কৃতিই জারি আছে। এই মতবিনিময় সভা থেকেও কিছু বেরিয়ে আসবে বলে মনে হয় না।’আশার আলো দেখার লোকও পাওয়া গেল। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর তেমনই একজন, ‘সমস্যা সমাধানে আলোচনা দরকার। মানলাম, অতীতে এমন অনুষ্ঠান করে লাভ হয়নি, কিন্তু সামনে এগোতে হলে আলোচনার বিকল্প নেই। কাজেই এটাকে ভালো শুরু বলেই মনে করি।’সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমানের দাবি ‘এনএসসির নির্বাহী কমিটিতে ১৫ বছর ধরে একজন ট্রেজারার আছেন। এটি অকার্যকর। এই কমিটিকে ঢেলে সাজাতে হবে। বাংলাদেশ গেমস করা উচিত। এনএসসি অ্যাক্ট বদলানো জরুরি। ক্রীড়া পরিষদের একটা আন্তর্জাতিক ডেস্ক চাই, যাতে বিদেশে যোগাযোগে সুবিধা হয়।’অনুষ্ঠানে ক্রিকেট বোর্ডের কাছ থেকে আর্থিক সহযোগিতা চেয়েছেন অনেক ফেডারেশন প্রতিনিধি। বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল আশ্বাস দিয়েছেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ফেডারেশনগুলোকে লজিস্টিক সমর্থন দেওয়া হবে।অনেকের মুখে ছিল বিচিত্র সব সমস্যার কথা। ব্রিজ ফেডারেশনের প্রতিনিধি বললেন, ‘ব্রিজ খেলার প্রসার করা যাচ্ছে না। এটা “সামাজিক সমস্যা” হয়ে দাঁড়িয়েছে।’ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল হামিদের আবদার, ‘আমাদের খেলা ছোট বলে মিডিয়া প্রচার করে না। এমন আইন করা হোক যাতে মিডিয়া বাধ্য থাকে খেলা কাভার করতে।’ শুনে প্রতিমন্ত্রী একচোট হেসে বললেন, ‘এটা সম্ভব নয়। আপনারা খেলাটাকে জনপ্রিয় করার চেষ্টা করেন।’ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন ফেডারেশন সেক্রেটারিদের জন্য মাসিক ৫০ হাজার টাকা ভাতা করার দাবি তুলেছেন। রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল মজনুর ক্ষোভ ‘নৌকা দেন, লেক দেন, নইলে ফেডারেশন বন্ধ করে দেন...।’ যে যা-ই বলুক, সমস্যা শোনার একটা উদ্যোগ তো নেওয়া হলো! যদিও সভা শেষে সবার একটাই প্রশ্ন—এই ধারাবাহিকতা থাকবে তো?