ক্রীড়া লেখক সমিতির গুণীজন সম্মাননা
মান্না দের গাওয়া ‘কফি হাউজ’ গানটির একটি কলি—‘নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে।’ গানের সেই মঈদুলকেই কাল সংবর্ধনা দিল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ক্রীড়া ধারাভাষ্যকার নূর আহমেদের ডাকনাম মঈদুল। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় জন্ম হলেও ১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার কারণে তাঁর পরিবার পশ্চিমবঙ্গ ছেড়ে ঢাকায় চলে আসে। ফুটবল ও ব্যাডমিন্টন খেলোয়াড় মঈদুল রেডিওতে ধারাভাষ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন। লেখালেখি করেছেন দৈনিক আজাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, ইনকিলাব, সংবাদ-এ। নূর আহমেদের সঙ্গে কাল সংবর্ধনা দেওয়া হয়েছে সাংবাদিক আজম মাহমুদ ও ক্রীড়া লেখক আবুল হাসনাতকেও। আজম মাহমুদ দৈনিক আজাদ-এর খেলার পাতায় লেখালেখি শুরু করেন। যায় যায় দিন-এ কাজ করেছেন, ছিলেন এএফসি নিউজের বাংলাদেশ প্রতিনিধি। এখনো ওয়ার্ল্ড সকারের এশিয়ান সংবাদদাতা। আবুল হাসনাত কুমিল্লা ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, একজন সংস্কৃতিকর্মীও। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস পালনের অংশ হিসেবে সেই ১৯৯৫ সাল থেকে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি গুণীজনদের সম্মাননা দিয়ে আসছে। এই ধারাবাহিকতায় এ বছর এই তিনজনকে সম্মাননা দেওয়া। কিন্তু অনুষ্ঠানে আসতে পারেননি নূর আহমেদ। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি এখন হাসপাতালে শয্যাশায়ী। তাঁর পক্ষে ক্রেস্ট নেন সমিতির সদস্য খাইরুল ইসলাম। অন্যরা সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়ত উল্লাহ আল মামুনসহ অন্যরা।