ক্রীড়াঙ্গনে নির্বাচনী হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া ফেডারেশনগুলোয় নির্বাচন হবে, এটা আর বলার কী আছে! বলার আছে, কারণ নির্বাচন যে নির্বাসনে চলে গিয়েছিল। বর্তমান সরকারের সময় ক্রীড়া ফেডারেশনে নির্বাচন না হওয়াই এত দিনের খবর। তবে নতুন খবর হলো, নির্বাচন আয়োজনে মাঠে নেমেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়াঙ্গনে তাই বইছে নির্বাচনী হাওয়া। বর্তমানে দেশে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা ৪২টি। এর মধ্যে নির্বাচিত কমিটি আছে হাতেগোনা আট-দশটিতে। বাকিগুলো চলছে সরকার-মনোনীত কমিটি দিয়ে। কোনো কোনো ফেডারেশনে সরকার দুটি অনির্বাচিত কমিটিও করেছে। কিন্তু নির্বাচনের কোনো তৎপরতাই দেখা যাচ্ছিল না।অনেক দেরিতে হলেও সরকার প্রথম পর্বে আটটি ফেডারেশন-অ্যাসোসিয়েশনে (দাবা, কাবাডি, তায়কোয়ান্দো, ব্যাডমিন্টন, রোইং, কুস্তি, জিমন্যাস্টিকস ও বাশাআপ) নির্বাচনী তৎপরতা শুরু করেছে। এগুলোর খসড়া কাউন্সিলর তালিকা চেয়ে পাঠিয়েছে এনএসসি। গঠন করা হয়েছে দুটি নির্বাচন কমিশন। নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানাতে না পারলেও কমিশন সূত্র জানিয়েছে, যত দ্রুত সম্ভব এই আটটিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।তবে কাউন্সিলর তালিকা নিতেই যদি তিন মাস লাগে, তাহলে নির্বাচন কবে হবে—এই প্রশ্ন উঠতেই পারে। সবার আগে ব্যাডমিন্টন ফেডারেশনকে কাউন্সিলর তালিকা পাঠাতে চিঠি দেওয়া হয়েছিল প্রায় তিন মাস আগে, গতকাল সময়সীমার শেষ দিনে এসে ৯০ জন কাউন্সিলরের একটা তালিকা এসএনসির কাছে জমা দিয়েছে ব্যাডমিন্টন ফেডারেশন।বাকিগুলোর কাউন্সিলর তালিকা জমা দেওয়ার নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। এটা অবশ্য অবাক করা ব্যাপার। একটা সময় তো থাকবে! এনএসসির সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যাখ্যা, ‘ফেডারেশন যেন তাদের সুবিধামতো দিয়ে দেয়।’ মুশকিল হচ্ছে, বাংলাদেশে বেশির ভাগ ফেডারেশনের চালচালনই কচ্ছপগতির।তবে এবার গতিটা বাড়াতেই হচ্ছে। নইলে যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনও ঝুলে যাবে। বিওএর সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৮ সালের ৬ এপ্রিল। চার বছর মেয়াদি কমিটির সময় প্রায় শেষ দিকে। বিওএর সংশোধিত গঠনতন্ত্রে আছে ‘ফেডারেশনের নির্বাচিত প্রতিনিধিরাই কাউন্সিলর হতে পারবে।’ ফেডারেশনের নির্বাচন না হলে বিওএর নির্বাচনও তাই হবে না।বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ আছেন সেই অপেক্ষাতেই, ‘যেসব ফেডারেশনে অনির্বাচিত কমিটি আছে, সেসব ফেডারেশনে নির্বাচিত কমিটি আসার সঙ্গে সঙ্গেই আমরা বিওএর নির্বাচনে যাব। তার আগ পর্যন্ত যাওয়া সম্ভব নয়। কারণ অনির্বাচিত প্রতিনিধি নিয়ে বিওএর নির্বাচন করা যাবে না। আশার কথা, সরকার নির্বাচন দিচ্ছে। মার্চের মধ্যেই সব ফেডারেশনের নির্বাচন হয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ এনএসসি জানিয়েছে, টেনিস, টেবিল টেনিস, হ্যান্ডবল, হকি, সাইক্লিং, জুডো, কারাতে, শরীর গঠন, ক্যারম, রোলার স্কেটিংয়ে নির্বাচন দেওয়া হবে পরবর্তী ধাপে। নির্বাচনী তৎপরতায় নড়েচড়ে বসছে এই ফেডারেশনগুলোও।হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর যেমন বলছেন, ‘কয়েকটি ফেডারেশনের কাছে চিঠি চলে গেছে শুনেছি। আমরা এখনো পাইনি চিঠি, মনে হচ্ছে শিগগিরই পেয়ে যাব। আমরা নির্বাচন করতে প্রস্তুত। সরকারের উদ্যোগ আমরা স্বাগত জানাই।’সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমানও একই সুরে কথা বললেন। তবে তাঁর দাবি, ‘কোনো দীর্ঘসূত্রতা যেন না হয়। আমরা দেখি, একেকটি প্রক্রিয়া শেষ করতেই অনেক দিন লাগে। এনএসসির উচিত, দ্রুত সময় বেঁধে দিয়ে নির্বাচনী তারিখ ঘোষণা করে দেওয়া। আর কাউন্সিলর তালিকা নিতেই তিন মাস সময় কেন, সেটাও আমার কাছে বোধগম্য নয়।’ক্রীড়াঙ্গনে এই আওয়ামী লীগ সরকারই আগের মেয়াদে নির্বাচন দিয়েছিল। এবার এখনো নির্বাচন না হওয়ায় খোদ প্রধানমন্ত্রী তাগিদ দিচ্ছেন বলে খবর। দেরিতে হলেও নির্বাচনী বাতাস তাই জোরেশোরেই বইতে শুরু করবে বলে সবার ধারণা।