ক্রীড়াঙ্গনের বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে গোটা ক্রীড়াবিশ্বকেই যেন নাড়িয়ে দিয়েছে ব্রাজিল। সেলেসাওরা বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে খেয়েছে ৭ গোল। সেই ১৯৭৫ সালের পর প্রতিযোগিতামূলক ফুটবলে ব্রাজিল পরশুই প্রথম হারল দেশের মাটিতে। ব্রাজিলের ফুটবল ইতিহাসের কালো দিনে মনে করিয়ে দেওয়া হলো ক্রীড়াঙ্গনের আরও কিছু বিপর্যয়ের ঘটনা:

বক্সিং
টোকিও ১৯৯০, ধরাশায়ী মাইক টাইসন
এই লড়াইয়ের আগ পর্যন্ত মাইক টাইসন ছিলেন পেশাদার বক্সিংয়ে অপরাজিত। প্রথম রাউন্ডেই প্রতিপক্ষকে ঘায়েল করা যেন অভ্যাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল টাইসনের। কিন্তু দশম রাউন্ডে মাত্র ৩৫ সেকেন্ডেই পুরো চিত্রনাট্য সেবার বদলে দিয়েছিলেন বাস্টার ডগলাস, ক্যারিয়ারে প্রথমবারের মতো হারিয়ে দেন মাইক টাইসনকে। বক্সিং ইতিহাসে যেটাকে বলা হয় সবচেয়ে বড় অঘটন।

রাগবি
১৯৯১ বিশ্বকাপ, ওয়েলস ১৩ : ১৬ ওয়েস্টার্ন সামোয়া
বিশ্বের অন্যতম সেরা রাগবি জাতি ওয়েলস বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে চেয়েছিল সামোয়াকে হারিয়ে দেবে। অস্ট্রেলিয়া আর আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ের আগে রীতিমতো কার্ডিফে ঘরের মাঠে টগবগিয়ে ফুটছিল সবাই। কিন্তু সবকিছু ওলটপালট করে দিয়েছিল দ্বীপদেশটি।

ফুটবল
১৯৫০ বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র ১: ০ ইংল্যান্ড
বিশ্বকাপের অভিষেকে ফেবারিটের তকমা নিয়েই ব্রাজিলে এসেছিল ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রকে তারা বলতে গেলে সমীহই করেনি, ফলও পেয়েছিল ওই ম্যাচে। জো গায়েতজেনসের একমাত্র গোলে জিতে গিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে ২০০৫ সালে এই খেলার কাহিনি নিয়ে তৈরি হয়েছিল বিখ্যাত সিনেমা দ্য গেম অব দেয়ার লাইভস।
উত্তর কোরিয়া ১: ০ ইতালি
দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডে যায় অনেক বড় আশা নিয়ে। কিন্তু তাদের আশার বেলুন চুপসে গিয়েছিল উত্তর কোরিয়ার কাছে হেরে। এমন অঘটনের জেরে গ্রুপপর্বই পার হতে পারেনি ইতালি।

ক্রিকেট
অ্যাশেজ ২০১৩-১৪, ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ঠিক এক মাস আগেই ৩-০ তে সিরিজ জেতে ইংল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে আর জয়ের ধারাটা ধরে রাখতে পারেনি। রীতিমতো হোয়াইটওয়াশ, অ্যাশেজ ইতিহাসে তৃতীয়বারের মতো। হারগুলোর ব্যবধানই পরিষ্কার করে দেয় সেবার কেমন লজ্জা দিয়েছিল অসিরা—৩৮১ রান, ২১৮ রান, ১৫০ রান, ৮ উইকেট ও ২৮১ রান।

টেনিস
১৯৮৮ ফ্রেঞ্চ ওপেন ফাইনাল, নাতাশাকে হারালেন স্টেফিগ্রাফ
উন্মুক্ত যুগের সবচেয়ে কম সময়ের ফাইনালে (৩২ মিনিট) জার্মানির গ্রাফ ৬-০, ৬-০ সেটে হারিয়ে দিলেন সোভিয়েত ইউনিয়নের নাতাশা জভারেভাকে।

সাইক্লিং
ল্যান্স আর্মস্ট্রংয়ের ডোপ নেওয়া
যুক্তরাষ্ট্রের এই সাইক্লিস্ট সপ্তম ট্যুর ডি ফ্রান্স জেতার পর টেলিভিশন সাক্ষাৎকারে স্বীকার করেন তাঁর ডোপ নেওয়ার ঘটনাটা।

আইস হকি
১৯৮০ অলিম্পিক, বরফের অলৌকিকতা
আগের সাতটি অলিম্পিকের ছয়টিতেই সোনা জেতা সোভিয়েত ইউনিয়ন ভেবেছিল সহজেই হারাবে অপেশাদার ও কলেজ খেলোয়াড়দের নিয়ে গড়া যুক্তরাষ্ট্র দলকে। কিন্তু উল্টো হেরেছিল তারাই। তথ্যসূত্র: রয়টার্স।