ক্রীড়াজগতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্তে আনন্দের বন্যা বয়েছিল দেশটির ক্রীড়া অঙ্গনে। খুব সংক্ষিপ্ত সফরের পরিকল্পনা হলেও প্রায় তিন বছরেরও বেশি সময় পর আবার পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে যাচ্ছিল কোনো আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনায় হাইকোর্টের আদেশে শেষ পর্যন্ত স্থগিত হয়েছে বাংলাদেশের এই পাকিস্তান সফর। সম্প্রতি লাহোরে অনুষ্ঠেয় এএফসি কাপের আসর থেকেও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সব মিলিয়ে ক্রীড়াজগতে উপমহাদেশের এই দুই দেশের সম্পর্কের বেশ ভালোই অবনতি হয়েছে। বাংলাদেশের এসব সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান।এই মাসের শেষে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পন্ন হলেও দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ ও হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। এখন আগামী মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকা সফরের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা নেই। তার পরও তারা পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগটা কাজে লাগাচ্ছে না।’শুধু ক্রিকেটেই না, সম্পর্কের অবনতি হয়েছে ফুটবল অঙ্গনেও। পাকিস্তানে গিয়ে এশিয়ান কনফেডারেশন কাপ প্রতিযোগিতায় অংশ নিতেও অস্বীকৃতি জানিয়েছে শেখ জামাল ফুটবল ক্লাব। আগামী ৮ মে থেকে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতাটি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি আহমেদ ইয়ার খান লোদি। তিনি বলেছেন, ‘প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় আমরা খুবই হতাশ হয়েছি। আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে আবেদন জানিয়েছি, ভবিষ্যতে তাদের নিষিদ্ধ করার জন্য। কারণ এই আসরটি আমরা আয়োজন করতে যাচ্ছি, এটা এএফসি অনুমোদন করার পরও এ ধরনের আচরণের কোনো অজুহাত নেই।’উল্লেখ্য, গত বছর প্রাক-বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লাহোরে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। বাংলাদেশ ফুটবল দলই ছিল সাম্প্রতিক সময়ে পাকিস্তান সফর করা একমাত্র বিদেশি দল।নিরাপত্তা পরিকল্পনা দেখার পর ফুটবলারদের নিরাপত্তা বিবেচনা করেই এএফসি কাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে শেখ জামাল ফুটবল ক্লাব। ইএসপিএন।