ক্রীড়াজগতেও বিতর্কে ওবামা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

আগামী অর্থবছরের বাজেট পাস-সংক্রান্ত জটিলতায় দেশে শুরু হয়েছে অচলাবস্থা। ‘গভর্নমেন্ট শাটডাউন’। এ জন্যই কী ক্রীড়াজগতের খোঁজখবর নেওয়া শুরু করেছেন বারাক ওবামা? মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য আমলে নিলে কিন্তু তেমনটাই মনে হচ্ছে। ওয়াশিংটনের একটি রাগবি দলের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিতর্কে যোগ দিয়েছেন ওবামাও। তাঁর মতে, পরিবর্তনই করা উচিত ‘ওয়াশিংটন রেডস্কিনস’ ক্লাবটির নাম।
আমেরিকায় ‘রেডস্কিন’ শব্দটি ব্যবহার করা হয় গালি হিসেবে। সেখানকার কৃষ্ণবর্ণ আদিবাসীদের অবজ্ঞা করে ডাকা হয় রেডস্কিনস নামে। এখন এই একই নামে একটি পেশাদার রাগবি দলের অস্তিত্বে অপমানিতই বোধ করছে আমেরিকার আদিবাসীরা। ওবামাও এ নামটির মধ্যে পাচ্ছেন বর্ণবাদের গন্ধ। গতকাল অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি যদি ক্লাবটার মালিক হতাম আর যদি এটা জানতাম যে দলের নামটা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে আঘাত করছে, তাহলে আমি সেটা পরিবর্তন করার কথাই চিন্তা করতাম।’
আমেরিকার কিছু আদিবাসী গোষ্ঠী ক্লাবটির নাম পরিবর্তনের দাবিতে আদালত পর্যন্তও গিয়েছে। আজ সোমবার নিউইয়র্কের একটি সংগঠন স্টেডিয়ামে গিয়েও প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছে। ওনেডিয়া ইন্ডিয়ান ন্যাশন নামের এই সংগঠনের প্রতিনিধি রে হালব্রিটার বলেছেন, ‘এ ধরনের আক্রমণাত্মক শব্দের ব্যবহার আদিবাসী সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’ প্রেসিডেন্ট ওবামার মতামতটাকে ‘ঐতিহাসিক’ বলেও উল্লেখ করেছে তারা।

তবে নামটা সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়। ওয়াশিংটন পোস্ট পরিচালিত একটি জরিপের ফলাফলে দেখা গেছে, ৬৬ শতাংশেরও বেশি সমর্থক ক্লাবটিকে এই নামেই দেখতে চায়। ওয়াশিংটন রেডস্কিনসের মালিক ড্যান সিনডারও নাম পরিবর্তনের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না। তাঁর মতে, এখানে কোনোই নেতিবাচকতার ব্যাপার নেই, ‘ওয়াশিংটন রেডস্কিনস নামটা ৮১ বছরের পুরোনো। এটার একটা ইতিহাস, ঐতিহ্য আছে। আর সমর্থকেরা যখন ‘রেডস্কিনসদের জয় হোক’ বলে গান গায়, তখন সেটা সম্মানার্থেই ব্যবহার হয়। অবজ্ঞা বা মর্যাদাহানিকর কোনো কিছু সেখানে থাকে না।’— রয়টার্স